বাড়তে পারে শীত
উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৪৫
আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে শীত আবারও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এরইমধ্যে রোববারের তুলনায় প্রায় সারা দেশের তাপমাত্রা কিছুটা কমে শীত বেড়েছে। তবে চট্টগ্রামের কোনো কোনো স্থানে তাপমাত্রা কিছুটা বেড়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সারা দেশে রাত ও দিনে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী দুদিন পর তাপমাত্রা বাড়তে পারে।
ইউডি/এ

