ট্রেন পোড়ানোর ‘ক্ষতিপূরণ দিলে’ রেলসেবা পাবে বিএনপি: রেলমন্ত্রী

ট্রেন পোড়ানোর ‘ক্ষতিপূরণ দিলে’ রেলসেবা পাবে বিএনপি: রেলমন্ত্রী

উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৫:১৫

‘বিএনপি ট্রেন পুড়িয়েছিল’ দাবি করে ক্ষতিপূরণ দেওয়া সাপেক্ষে দলটির কর্মসূচিতে বিশেষ ট্রেন ভাড়া দেওয়ার বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ বিবেচনা করবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ‘রেল ভবনে’ রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

গত ২৯ জানুয়ারি রাজশাহীতে আওয়ামী লীগের জনসভায় যাত্রী পরিবহনের জন্য রেলওয়ে পশ্চিমাঞ্চল মোট আটটি বিশেষ ট্রেন ভাড়া দিয়েছিল। এসব ট্রেনে করে উত্তরবঙ্গের একাধিক জেলা থেকে নেতা-কর্মীরা দলের সমাবেশে যোগ দিতে পেরেছিলেন।

এরপর থেকেই আলোচনা এসেছে বিএনপি সমাবেশে ট্রেন বরাদ্দ চাইলে বাংলাদেশ রেলওয়ে অনুমতি দেবে কি না! এ নিয়ে এবার মুখ খুলেছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বলেন, ‘বিএনপি ট্রেন পুড়িয়েছিল। তারা যদি ক্ষতিপূরণ দেয় তখন রেলওয়ে কর্তৃপক্ষ বিবেচনা করবে।’

বিএনপির কাছে রেলওয়ে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিএনপিকে তো খুঁজেই পাওয়া যায় না। তারা তো ধারে কাছে আসে না।’

রেল সচিব হুমায়ুন কবিরের সভাপতিত্বে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান ছাড়াও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading