কানাডায় দুর্ঘটনার শিকার গাড়ির ছবি প্রকাশ, পরিবার চাইলে পাঠানো হবে মরদেহ

কানাডায় দুর্ঘটনার শিকার গাড়ির ছবি প্রকাশ, পরিবার চাইলে পাঠানো হবে মরদেহ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:১৫

কানাডায় গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন চার বাংলাদেশি শিক্ষার্থী। তাদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। একজন বেঁচে গেলেও তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর ওই চার জনের পরিচয় তাৎক্ষণিক জানা না গেলেও পরে তাদের ব্যাপারে বিস্তারিত সামনে আসে।

এ ঘটনায় নিহতরা হলেন শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ ও আরিয়ান দীপ্ত। আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন নিবিড় কুমার দে। তিনি কুমার বিশ্বজিতের ছেলে। নিবিড়ই গাড়ি চালাচ্ছিলেন।

দুর্ঘটনার শিকার সেই গাড়ির ছবি প্রকাশ্যে এসেছে। প্রকাশিত ছবিতে দেখা যায়, বিএমডব্লিউ গাড়িটি দুমড়ে-মুচড়ে গেছে। এর আগে অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছিল, সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টা ২৩ মিনিটে ডানডাসমুখী একটি মহাসড়কে ওই ‘ভয়াবহ’ দুর্ঘটনা ঘটে।

দেশটির পুলিশ সার্জেন্ট কেরি স্মিডট বলেছেন, ‘ঘটনাস্থলে গিয়ে কর্মকর্তারা দুর্ঘটনার যে বর্ণনা দিয়েছেন, তাতে ‘‘প্রচণ্ড দ্রুত গতিকেই’’ দায়ী করেছেন তারা। ওই গাড়িতে চার জন ছিলেন। গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে কংক্রিটের দেয়ালে ধাক্কা দেয়। এরপর গাড়িতে আগুন ধরে যায়। দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে চার জনকেই গাড়ি থেকে বের করে আনেন।’

কানাডায় বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমানের বরাত দিয়ে টরন্টো স্টার জানিয়েছে, ‘নিহতরা হলেন আরিয়ান আলম দীপ্ত, অ্যাঞ্জেলা বাড়ৈ ও শাহরিয়ার খান। দীপ্ত অন্টারিও’র হামবার কলেজের ছাত্র ছিল বলে জানা গেছে।’

খলিলুর রহমান বলেন, ‘ভুক্তভোগীদের পরিবারের ইচ্ছাকে সম্মান জানাতে হাইকমিশন শিক্ষার্থীদের মরদেহ বাংলাদেশে ফেরত পাঠাবে এবং টরন্টোতে বাংলাদেশের কনস্যুলেট-জেনারেল এতে সহায়তা করবে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading