আওয়ামী লীগ ‘সার্কাসের দলে’ পরিণত হয়েছে : আলাল

আওয়ামী লীগ ‘সার্কাসের দলে’ পরিণত হয়েছে : আলাল

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ‌১৬:০০

আওয়ামী লীগ ‘সার্কাসের দলে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ রাষ্ট্রপতি নির্বাচন করেছে, যিনি রাষ্ট্রপতি হয়েছেন তিনিও জানেন না, ধরে এনে নিয়োগ দিয়েছে, সবমিলিয়ে আওয়ামী লীগ সার্কাসের দলে পরিণত হয়েছে।’

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের সাতমাথায় মহানগর বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচির উদ্বোধনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের শান্তি সমাবেশে দেখে মনে হয় তারা গণতন্ত্র রক্ষার নামে ধ্বংস করছে। শান্তির নামে অশান্তি তৈরির চেষ্টা করছে। তাদের শান্তি সমাবেশ মনে করিয়ে দিচ্ছে ১৯৭১ সালের শান্তি কমিটি ও বাহিনীর কথা।’

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আওয়ামী লীগ দ্রব্যমূল্য বাড়িয়ে দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মানুষের বেঁচে থাকাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশ এখন গুম হলে কেউ আর অভিযোগ করে না, কেননা অভিযোগ করে বিচার পাওয়া যায় না। এতদিন শুনতাম, জানতাম, ইলিয়াস আহমেদ, চৌধুরী আলম গুম হয়েছে। এখন রবীন্দ্রনাথও গুম হয়।’

তিনি বলেন, ‘ক্ষমতায় টিকে থাকতে যা যা করা দরকার এই সরকার তা-ই করছে। আমরা যখন জনগণের জন্য রাজপথে প্রতিবাদ করছি, সরকার তখন প্রশাসন দিয়ে আমাদের দমানোর চেষ্টা করছে। মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের নির্যাতন, হয়রানি করছে।’

রংপুর মহানগর বিএনপির উদ্যোগে গ্যাস, বিদ্যুৎ, চাল ও ডালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে এই পদযাত্রার আয়োজন করা হয়।

বিএনপির পদযাত্রা রংপুর নগরীর দুটি স্থান থেকে বের হয়। পরে নগরীর শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনের সঞ্চালনায় আলোচনায় স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading