ইবিকাণ্ড: তদন্ত কমিটির ডাকে হলে ফিরলেন ভুক্তভোগী ছাত্রী

ইবিকাণ্ড: তদন্ত কমিটির ডাকে হলে ফিরলেন ভুক্তভোগী ছাত্রী

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ‌১৫:৪৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগ নেত্রীর নির্যাতনের শিকার সেই ছাত্রী ক্যাম্পাসে ফিরেছেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জয়শ্রী সেনের তত্ত্বাবধানে ওই ছাত্রীকে হলে প্রবেশ করানো হয়েছে।

তদন্ত কমিটির কাছে নির্যাতনের সাক্ষ্য দেবেন তিনি। বিষয়টি নিশ্চিত করে ‘দেশরত্ন শেখ হাসিনা হল’র প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম গণমাধ্যমকে বলেন, ‘আমরা তদন্তের কাজ শুরু করেছি। পরে সাংবাদিকদের জানানো হবে।’

ভুক্তভোগীর সাক্ষাৎকার শুনতে হলটির প্রভোস্ট কক্ষে উপস্থিত ছিলেন আইন সেলের পরিচালক ও বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মন্ডল ও ‘দেশরত্ন শেখ হাসিনা হল’ তদন্ত কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক আহসানুল হক। এছাড়াও ছিলেন খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথীসহ তদন্ত কমিটির সদস্যরা।

এদিকে ওই ছাত্রীর নিরাপত্তায় সকাল থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা-পুলিশের একটি টহল দল ক্যাম্পাসে অবস্থান করছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূন যায়েদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেয়েটির নিরাপত্তার জন্য পুলিশকে মূল ফটকের সামনে থাকতে বলেছে। পুলিশের টহল দল রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘ভুক্তভোগী ক্যাম্পাসে পৌঁছেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরামর্শ অনুযায়ী এখন থেকে আমরা তার সর্বোচ্চ নিরাপত্তা দেব।’

নির্যাতনের শিকার ছাত্রীকে ক্যাম্পাসে নিরাপত্তা দিতে গত বৃহস্পতিবার হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভুক্তভোগী ও তার পরিবারের সঙ্গে মুঠোফোনে নিরাপত্তার জন্য কথা বলেন।

গত মঙ্গলবার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রক্টর, হলের প্রভোস্ট ও ছাত্র উপদেষ্টার কাছে নির্যাতনের লিখিত অভিযোগ দেন ফিন্যান্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রী। অভিযুক্তরা হলেন- পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগী ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাবাসসুম।

অভিযোগপত্রে ভুক্তভোগী নির্যাতনের সময় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, অশ্লীল ভাষা ব্যবহার ও মেরে ফেলার হুমকির বিষয় উল্লেখ করেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading