র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা আ. রউফ চৌধুরী মারা গেছেন

র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা আ. রউফ চৌধুরী মারা গেছেন

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ‌১৬:৩২

র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দ্য ডেইলি স্টারের প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক আ. রউফ চৌধুরী মারা গেছেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

আ. রউফ চৌধুরীর নামাজে জানাজা শনিবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে বিক্রমপুরের পৈতৃক বাড়িতে। সেখানে বাদ এশা তার দাফন সম্পন্ন হবে।

মৃত্যুকালে রউফ চৌধুরী এক ছেলে রোমো রউফ চৌধুরী ও দুই মেয়ে রোমানা রউফ চৌধুরী ও সোহানা রউফ চৌধুরীকে রেখে গেছেন।

১৯৩৭ সালের ২২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা রউফ চৌধুরী আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির (এমআইটি) স্লোয়ান স্কুল অফ বিজনসের স্নাতক। ১৯৭৯ সালে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মজীবন শুরু করেন তিনি।

দুটি আমেরিকান ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কয়েক বছর রেসিডেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের পর দীর্ঘ ১৫ বছর কাজ করেন যমুনা অয়েল কোম্পানিতে।

পরে র‌্যাংগস গ্রুপ, র‌্যানকন গ্রুপ ও সি রিসোর্সেস গ্রুপের অধীনে ৫২টি কোম্পানি গড়ে ওঠে রউফ চৌধুরীর নেতৃত্বে। অটোমোবাইল, ফার্মাসিউটিক্যালস, টেলিকম, ইলেকট্রনিক্স, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ব্যাংক ও বীমাসহ বিভিন্ন খাতে ছড়িয়ে আছে এসব কোম্পানির ব্যবসা।

তিনি ব্যাংক এশিয়ার উদ্যোক্তাদের মধ্যে একজন। এক সময় ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

কুর্মিটোলা গলফ ক্লাবের নির্বাহী সদস্য রউফ চৌধুরী বাংলাদেশ বাস্কেট বল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেছেন এক সময়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading