খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: আইনমন্ত্রী

খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: আইনমন্ত্রী

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৪৫

‘খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তবে রাজনীতি করবেন কি না সেটা তার ব্যক্তিগত বিষয়’, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিজেএস পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের জন্য আয়োজিত ‘১২ শ ওরিয়েন্টেশন কোর্স’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির শর্তে রাজনীতির কথা নেই। তবে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।’

তিনি বলেন, ‘সংবিধানের ৪০১ ধারায় খালেদা জিয়াকে অসুস্থ হিসেবে মুক্তি দেওয়া হয়েছে। রাজনীতির কথা তাতে বলা নেই। তবে দণ্ডিত হওয়ায় আইন‌ অনুযায়ী সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের সাজা নিয়ে কারাগারে যান বেগম খালেদা জিয়া। রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষে ওই বছরের অক্টোবরে সাজা বেড়ে দ্বিগুণ হয় বিএনপি নেত্রীর। একই মাসে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় আরও সাত বছরের সাজা হয় তার। সব মিলিয়ে তার সাজা হয় ১৭ বছর।

২০২০ সালের মার্চে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছিলেন বিএনপি প্রধান। তার জামিনের আবেদন বারবার নাকচ হওয়ার মধ্যে স্বজনরা প্রধানমন্ত্রীর কাছে মুক্তির আবেদন নিয়ে যান। আর সরকারপ্রধানের নির্বাহী আদেশে ওই বছরের ২৫ মার্চ ছয় মাসের জন্য মুক্তি পান সাবেক এই প্রধানমন্ত্রী।

এরপর গুলশানের বাসা ফিরোজায় ওঠেন। সেখানে থাকার পর বেশ কয়েকবার অসুস্থ হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হলে তাকে ফের বাসায় আনা হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading