৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৫:৫৫
মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে কারাগারে আটক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক।
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের হাটহাজারীর মেখল পুণ্ডরিক ধামে মারা যান চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা শ্রীমতী সন্ধ্যা রাণী ধর (৭১)। মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ চেয়ে চিন্ময় কৃষ্ণের পক্ষে চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেন তার ভাই রঞ্জন কুমার ধর।
আবেদনে বলা হয়, সন্ধ্যা রাণী ধর সকাল সাড়ে ৯টার দিকে মারা যান। মায়ের জীবনের শেষ সময়ে পাশে থাকতে না পারায় অন্তত অন্ত্যেষ্টিক্রিয়া ও শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ চিন্ময় কৃষ্ণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টির মানবিক ও ধর্মীয় গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় সময়ের জন্য প্যারোলে মুক্তি অথবা নিরাপত্তাসহ শেষকৃত্যে উপস্থিতির অনুমতি চাওয়া হয়।
আবেদনের সঙ্গে মৃতের মৃত্যু সনদ ও আবেদনকারীর পরিচয়পত্রের ফটোকপিও সংযুক্ত করা হয়।
সন্ধ্যা রাণী ধর দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসে সংক্রমণ ও নিম্ন রক্তচাপসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। প্রায় এক মাস চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তাকে পুণ্ডরিক ধামে নেওয়া হয়।
পুণ্ডরিক ধাম সূত্র জানিয়েছে, ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে সেখানেই সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। চিন্ময় কৃষ্ণকে প্যারোলে মুক্তির অনুমতি দেওয়ায় সংশ্লিষ্টদের পক্ষ থেকে সরকারের প্রতি ধন্যবাদ জানানো হয়েছে।
ইউডি/কেএস

