কৃষক হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭ আসামি খালাস

কৃষক হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭ আসামি খালাস
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:০০

২০০৯ সালে নরসিংদীর পলাশ উপজেলায় সামসুল হক নামে এক কৃষককে হত্যার দায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সাত জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশরাফুল হক জর্জ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মো. নাজুমল হুদা ও সায়েম আলী পাঠান। পলাতক আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ৩০ আগস্ট রাতে দণ্ডপ্রাপ্তরা জমি সক্রান্ত বিরোধের জেরে সামসুল হকের ছেলে জহিরুল ইসলামকে মারধর করে। পরে কৃষক সামসুল হক সেখানে গেলে তাকে ও তার ছেলেকে কুপিয়ে জখম করা হয়। এর কিছুক্ষণ পর সামসুল ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী নুরজান বেগম বাদী হয়ে পলাশ থানায় একটি হত্যা ও জখমের মামলা করেন।

বিচার শেষে ২০১৭ সালের ২২ মে নরসিংদীর অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন। পাঁচ জনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো– পলাশ উপজেলার গালিমপুর এলাকার আব্দুল গাফফার, মো. তোতা মিয়া, মো. আলেক মিয়া, শরীফ মিয়া, আরিফ মিয়া, মোছা. রুপবান ও মারফত আলী।

পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো– আবদুল গাফফার, শরীফ মিয়া, আরিফ মিয়া, ফারুক মিয়া ও বাছির মিয়া।

পরে নিয়ম অনুসারে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরা আপিল করে। আজ আপিলের শুনানি শেষে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দেন হাইকোর্ট।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading