আত্মসমর্পণ করে জামিন পেলেন নিপুণ রায়
উত্তরদক্ষিণ । সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৪৫
রাজধানীর শাহবাগ থানার নাশকতার তিন মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।
সোমবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ সিদ্দিকীর আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন বিচারক।
এর আগে, ৪ ডিসেম্বর শাহবাগ থানার নাশকতার মামলায় নিপুণ রায়ের হাজিরার দিন ধার্য ছিল। এ দিন তারা আদালতে উপস্থিত না হওয়ায় আইনজীবী সময়ের আবেদন করেন। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর সময়ের আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এছাড়া শাহবাগ থানার নাশকতার দুই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
শাহবাগ থানার নাশকতার এক মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমবেত হন। সমাবেশ শেষে তারা প্রেস ক্লাব এলাকায় পুলিশের ওপর আক্রমণ করে এবং মিছিল নিয়ে মৎস্য ভবন মোড়ে এলে সেখানে কর্মরত পুলিশ সদস্যরা মিছিলে বাধা দেন। ওই সময় আসামিরা বেআইনিভাবে একত্রিত হয়ে শাহবাগের দিকে যেতে থাকে। ওই ‘উচ্ছৃঙ্খল’ জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এ ঘটনায় শাহবাগ থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা করেন।
ইউডি/এ

