রায় বাংলায় প্রকাশের কাজ চলমান: প্রধান বিচারপতি

রায় বাংলায় প্রকাশের কাজ চলমান: প্রধান বিচারপতি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:০০

বিচারকদের দেওয়া রায় বাংলা ভাষায় প্রকাশ করার কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রভাতফেরিতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, ‘ভাষা অনুবাদে সুপ্রিম কোর্টে নতুন একটি প্রযুক্তি সংযোজিত হয়েছে। আমাদের কর্মকর্তারা যে রায়গুলো ইতোমধ্যে লিখেছেন, সেগুলো যাতে সুষ্ঠুভাবে অনুবাদ করা হয়, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’ নতুন এই প্রযুক্তির কারণে রায় অনুবাদ করে বাংলায় পড়া যাবে বলেও জানান তিনি।

দেশের বিচার বিভাগ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা স্বপ্ন দেখি একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। এই স্বপ্ন আমরাই বাস্তবায়ন করব। এই শতাব্দী হবে আমাদের শতাব্দী।’

প্রভাতফেরি উপলক্ষে ভোর থেকেই শহীদ মিনার অভিমুখে সর্বস্তরের মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রতিবেশী দেশ ইন্ডিয়া থেকেও অনেকে শ্রদ্ধা জানাতে আসেন।

এদিকে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে ভাষার মাস ফেব্রুয়ারির প্রথমদিনে সুপ্রিম কোর্টের আপিল এবং হাইকোর্ট বিভাগ ১৪৯টি রায় ও আদেশ বাংলায় ঘোষণা করেছেন। এর মধ্যে আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম ১৪৫টি আদেশ বাংলায় দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, এখন থেকে চেম্বার আদালতে বাংলায় আদেশ দিয়ে যাবেন।

আর হাইকোর্ট বিভাগে বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি মো. নজরুল ইসলাম ইসলাম তালুকদার ও বিচারপতি মো. আশরাফুল কামাল একটি করে রায় এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের নেতৃত্বাধীন বেঞ্চ একটি আদেশ বাংলায় দিয়েছেন।

বাংলায় রায় ঘোষণার সময় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বলেন, ‘১৩ বছরের বিচারিক জীবনে প্রথম বাংলায় রায় দিলাম এবং বাংলায় এই রায় দিতে পেরে গর্ববোধ করছি।’ তিনি আরও বলেন, ‘ভাষার মাসে আরও বাংলায় রায় দেওয়ার প্রত্যাশা রাখছি।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading