সাড়ে ৪ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল রাজধানীর বেশ কয়েকটি এলাকা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:৩০
রাজধানীর মিরপুর, মোহাম্মদপুরসহ বেশ কয়েকটি এলাকায় প্রায় সাড়ে চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। আমিনবাজার-আগারগাঁওয়ে ২৩০ কেভি গ্রিড লাইন বিকল হওয়ায় এমন বিভ্রাটের ঘটনা ঘটে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে সকাল ১০টা ৩৮ মিনিট পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ ছিল না। অতিরিক্ত কুয়াশার কারণে এই সমস্যা হয়েছিল বলে জানিয়েছেন পাওয়ার গ্রিডের কর্মকর্তারা।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) জনংসংযোগ কর্মকর্তা বদরুদ্দোজা সুমন বলেন, ‘ভোর ৫টা ৫০ মিনিটে বিদ্যুতের সঞ্চালন লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। ঘন কুয়াশার কারণে অনেক সময় বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। এটি সিস্টেমের প্রযুক্তিগত ত্রুটি নয়।’
এদিকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মোহাম্মদপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, ‘সকালে একটু সমস্যা হয়েছিল। সকাল সাড়ে ১০টার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। এখন কোনো এলাকায় সমস্যা নেই।’
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও ঢাকা সেনানিবাসসহ ঢাকা শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ সরবরাহের অন্যতম প্রধান উৎস আমিনবাজার-মোহাম্মদপুর গ্রিড লাইন। নিয়মিত গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকলেও এসব গুরুত্বপূর্ণ স্থাপনায় বিকল্প উৎসের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে। তবে এসময় আবাসিক এলাকাগুলোতে কিছুটা ভোগন্তি পোহাতে হয়।
ইউডি/এ

