‘সড়কে টম অ্যান্ড জেরি খেলা আর সহ্য করা হবে না’
উত্তরদক্ষিণ । বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:১৫
ট্রাক মালিকদের উদ্দেশ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘সড়কে টম অ্যান্ড জেরি খেলা আর সহ্য করা হবে না। আমরা এসেছি বলে এখানে অনেক জায়গায় ট্রাক নেই। সত্যি কথা বলতে গেলে এখানে টম অ্যান্ড জেরি খেলা হচ্ছে।’
বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের সড়কটিতে উচ্ছেদ অভিযান করতে গিয়ে এ কথা জানান তিনি। কিন্তু উচ্ছেদের খবর পেয়ে সকাল থেকেই সড়কটি ফাঁকা করে ফেলেন ট্রাক মালিকরা। এ বিষয়টিকে ইঙ্গিত করেই তিনি টম অ্যান্ড জেরি কার্টুনের প্রসঙ্গ টানেন।
মেয়র আনিসুল হক সড়কে অবৈধ ট্রাক পার্কিং উচ্ছেদে এ সময় পাঁচ সদস্যের কমিটির ঘোষণা দেন। এতে প্রধান করা হয় স্থানীয় কাউন্সিলরকে।
কাউন্সিলরের ছত্রছায়াতেই সেখানে ট্রাক রেখে চাদাবাজি করা হয়; এমন অভিযোগের প্রেক্ষিতে মেয়র আতিক বলেন, প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সড়কটি উচ্ছেদে সিটি করপোরেশন কঠোর হবে বলেও উল্লেখ করেন তিনি।
ট্রাক স্ট্যান্ডের জন্য রেলওয়ের থেকে জায়গা বরাদ্দ পাওয়ার বিষয়ে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
ডিএনসিসির মেয়র আরও বলেন, ‘আমি এখানে একটা লাইন করে দিয়েছি। যেটা রিকশার জন্য লাইন। এখন আর এখানে ফুটপাথ ধরে ট্রাক দাঁড়াতে পারবে না। ফুটপাথ দিয়ে জনগণ হাঁটবে।’
মেয়র আরও বলেন, ‘পুলিশ আমাকে বলেছে, আমরা এখানে বারবার অভিযান চালাই। তারপরও ট্রাক চলে আসে। অন্যদিকে ট্রাকের মালিকরা বলছেন, আমাদের একটা জায়গা দিন। আর আমি চাই, জনগণ যেন কোনো ভোগান্তিতে না থাকে। এ জন্য এ রাস্তার দুই পাশে কোনো ট্রাক দাঁড় করানো যাবে না।’
২০১৫ সালে সড়ক থেকে ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করে নিজের স্বপ্নের মতো সাজিয়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তৎকালীন মেয়র আনিসুল হক। তার মৃত্যুর পর ফের দখলদারদের হাতে চলে যায় সড়কটি। পরে ২০১৮ সালে সড়কটি ডিএনসিসি আবার দখলমুক্ত করে আনিসুল হকের নামে করে।
ইউডি/এ

