অসাম্প্রদায়িক-মানবিক সম্পর্কই সবচেয়ে টেকসই: ঢাবি উপাচার্য

অসাম্প্রদায়িক-মানবিক সম্পর্কই সবচেয়ে টেকসই: ঢাবি উপাচার্য

উত্তরদক্ষিণ । বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২০:০০

‘রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের বাইরে যখন মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপন হয়, সেই সম্পর্ক অনেক টেকসই হয়। যা মহান মুক্তিযুদ্ধের সময় প্রতিফলিত হয়েছিল’, এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বুধবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘নারায়ণগঞ্জ জেলা সমিতির আয়োজনে বাংলাদেশ-ইন্ডিয়া ‘জাতীয় সাহিত্য উৎসব ২০২৩’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক হচ্ছে সব থেকে বেশি মানবিক এবং অসাম্প্রদায়িক সম্পর্ক। অসাম্প্রদায়িক এবং মানবিক সম্পর্ক হচ্ছে— টেকসই সম্পর্কের পূর্ব শর্ত। দুই বাংলার মানুষদের মধ্যে আমরা পিপল টু পিপল এনগেজমেন্টের কথা বলি, সেটি খুব জরুরি।’

তিনি বলেন, ‘দুই বাংলার মানুষরা যখন একসঙ্গে নানা ধরনের সাহিত্য বিনিময় করবে, সেটির মাধ্যমে একটি নতুন ধারার সৃষ্টি হবে। এই নতুন ধারার সৃষ্টি হচ্ছে এক ধরনের সৃষ্টিশীল ধর্মের বিকাশ ঘটানো।’

ড. আখতারুজ্জামান নারায়ণগঞ্জ জেলার সমিতিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘তারা ব্যতিক্রমধর্মী একটা আয়োজন করেছে। এখানে সৃজনশীলতার বহিঃপ্রকাশ আছে। বাংলাদেশে অনেক জেলা সমিতি আছে, কিন্তু এর মধ্যে নারায়ণগঞ্জ জেলা সমিতিই আন্তর্জাতিক সম্প্রদায় যেমন- ইন্ডিয়াকে সঙ্গে নিয়ে এই সাহিত্য উৎসবের আয়োজন করেছে। নারায়ণগঞ্জ জেলা সমিতি এর মাধ্যমে দুই বাংলার মানুষদের একত্রিত করেছে। এই ধরনের কার্যক্রম সামনের দিনে অব্যাহত থাকবে এমন প্রত্যাশা করছি।’

‘বাংলাদেশ-েইন্ডিয়া জাতীয় সাহিত্য উৎসব-২০২৩’ এ বছরই প্রথম শুরু হয়। আগামী বছর থেকে ২২ ও ২৩ ফেব্রুয়ারি এই সাহিত্য উৎসব পালিত হবে বলে জানানো হয়।

নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ হৃদয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading