দিল্লি মেয়র নির্বাচন: বিজেপিকে হারিয়ে কেজরিয়ালের প্রার্থীর জয়
উত্তরদক্ষিণ । বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৯:৩০
দিল্লি মেয়র নির্বাচনে বিজেপি প্রার্থীকে ৩৪ ভোটে হারিয়েছেন আম আদমি পার্টির (আপ) শেলি ওবেরয়। এ নির্বাচন নিয়ে বিদ্যমান সমস্যার সমাধান হয়ে গিয়েছিল গত ডিসেম্বর মাসে। তারপর তিনবার মেয়র নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হলেও আপ-বিজেপি বিবাদের জেরে তা ভন্ডুল হয়ে গিয়েছিল। অবশেষে চতুর্থবারের চেষ্টায় দিল্লির নতুন মেয়র হন আম আদমি পার্টির শেলি ওবেরয়।
এ নির্বাচনে শেলি পেয়েছেন ১৫০ ভোট। বিজেপির মেয়র পদপ্রার্থী রেখা গুপ্ত পেয়েছেন ১১৬ ভোট। পুনর্গণনার পর মেয়র নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, ৩৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আপ প্রার্থী শেলি।
এ ঘোষণার পরেই দিল্লি পুরসভার ভিতরে উচ্ছ্বাসে মাতেন আম আদমি পার্টির (আপ) কাউন্সিলররা। পদ্ম শিবিরকে হারিয়ে আবির খেলতে শুরু করেন ঝাড়়ু শিবিরের পুরসদস্যরা। নির্বাচনের আগেই অবশ্য জয়ের ব্যাপারে আশাবাদী ছিল আপ শিবির।
মিউনিসিপ্যাল করপোরেশন অব দিল্লি বা দিল্লি পুরসভার নির্বাচনের ফলাফল তাদের অনুকূলে থাকলেও উপরাজ্যপাল মনোনীত সদস্যদের ভোটাধিকার দেওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আপ।
শীর্ষ আদালত জানিয়ে দেয়, বিজেপির উপরাজ্যপাল মনোনীত সদস্যরা মেয়র নির্বাচনে ভোট দিতে পারবেন না। তারপর সংখ্যাগরিষ্ঠতার জোরেই আপের জয় এক প্রকার নিশ্চিত ছিল। জয়ের পর শেলিকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠান দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া।
কেজরিওয়াল তার টুইট-বার্তায় বিজেপি কটাক্ষ করে লেখেন, ‘গুন্ডারা পরাস্ত হয়েছে।’
অবশ্য সুপ্রিম কোর্টে জয়ের পরই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ) আত্মবিশ্বাসী ছিল যে, তাদের প্রার্থীকে মেয়র করতে অসুবিধা হবে না। অন্যদিকে, শেষ মুহূর্তে চমক দেওয়ার পরিকল্পনায় ছিল বিজেপিও। শেষ মুহূর্ত পর্যন্ত বিজেপি দাবি করে এসেছিল, দিল্লিতে ‘খেলা হবে’!
গত বছর ডিসেম্বরে হয়েছিল দিল্লি পুরসভার ভোট। তারপর থেকে তিন-তিনবার মেয়র নির্বাচনের চেষ্টা হয়েছিল। কিন্তু প্রতিবারই হাঙ্গামার জেরে বন্ধ করে দিতে হয় মেয়র নির্বাচন। এর আগে সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানিয়েছিল, উপরাজ্যপাল মনোনীত সদস্যদের মেয়র নির্বাচনের ক্ষেত্রে ভোটাধিকার থাকবে না। ফলে মেয়র বাছাই হবে কেবলমাত্র পুরসভা নির্বাচনে জয়ীদের ভোটের ওপর ভিত্তি করেই।
ইউডি/এ

