রকেট হামলার জবাবে গাজায় ইসরায়েলের বিমান হামলা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:১৫
ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীরের শহর নাবলুসে ইসরায়েলি অভিযানে অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হওয়ার পর ফিলিস্তিনি যোদ্ধারা বেশ কয়েকটি রকেট ছুড়েছে। জবাবে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে বিমান হামলার ফলে গাজা শহরের উত্তরে একটি লক্ষ্যবস্তু থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিমান হামলার কয়েক ঘন্টা আগে গাজা উপত্যকা থেকে ছোড়া রকেটগুলো রাতের আকাশকে আলোকিত করে এবং ইসরায়েলের সেডরোট এবং অ্যাশকেলন শহরে তখন সাইরেন বাজানো হয়।
ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তারা কমপক্ষে আটটি রকেট ছুড়তে দেখেছেন। জবাবে ইসরায়েলি সামরিক বাহিনী ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঁচটি রকেট আকাশেই ধ্বংস করে এবং ষষ্ঠটি একটি জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে। বৃহস্পতিবারের ওই রকেট হামলার দায় এখনো কোনো ফিলিস্তিনি গোষ্ঠী স্বীকার করেনি।
গাজাভিত্তিক ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠী গত বুধবার (২২ ফেব্রুয়ারি) নাবলুসে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানকে একটি ‘বড় অপরাধ’ হিসাবে নিন্দা করার পরে রকেট উৎক্ষেপণ করা হয়েছিল।’
উপকূলীয় ছিটমহল শাসনকারী হামাসের মুখপাত্র আবু ওবেদা একটি সতর্কতা জারি করে বলেছিলেন, ‘অধিকৃত পশ্চিম তীরে আমাদের জনগণের বিরুদ্ধে শত্রুর ক্রমবর্ধমান অপরাধ পর্যবেক্ষণ করছি। আমাদের ধৈর্য্য ফুরিয়ে যাচ্ছে।’
২০০০-২০০৫ সালের দ্বিতীয় ইন্তিফাদা বা ফিলিস্তিনি বিদ্রোহের পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের মধ্যে সবচেয়ে মারাত্মক ছিল ওই নাবলুস অভিযান। ওই অভিযানে মৃতের সংখ্যা ১১ জনে দাঁড়ায় এবং আহত হয়েছেন অন্তত শতাধিক।
ইসরায়েলি সেনাবাহিনী গত বুধবার সকালে নাবলুসের সমস্ত প্রবেশপথ বন্ধ করে দেয় এবং দুইজন কাঙ্ক্ষিত ফিলিস্তিনি যোদ্ধা হোসাম ইসলাম এবং মোহাম্মদ আবদুল ঘানিকে টার্গেট করে একটি বাড়ি ঘেরাও করে।
ফিলিস্তিনি লায়ন্স ডেন সশস্ত্র গোষ্ঠী একটি বিবৃতিতে বলেছে, অভিযানের সময় তারা সম্প্রতি গঠিত বালাতা ব্রিগেডের পাশাপাশি ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা ইসরায়েলিদের বিরুদ্ধে আগের গুলি হামলার সন্দেহভাজন তিন যোদ্ধাকে গ্রেপ্তার করতে নাবলুসে প্রবেশ করে। চার ঘণ্টার এই অভিযানে নাবলুসের একটি শতাব্দী প্রাচীন মার্কেটপ্লেসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইউডি/এ

