প্রধানমন্ত্রী গোপালগঞ্জ যাচ্ছেন শুক্রবার, জনসভা শনিবার

প্রধানমন্ত্রী গোপালগঞ্জ যাচ্ছেন শুক্রবার, জনসভা শনিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:০০

দুই দিনের সফরে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) গোপালগঞ্জে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ছাড়াও নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

জেলা প্রশাসন ও আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দুই দিনের সফরে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া যাবেন প্রধানমন্ত্রী। সফরের প্রথম দিন শুক্রবার তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানাবেন।

পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। এরপর তিনি নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন দীর্ঘ সাড়ে চার বছর পর শনিবার বিকেল ৩টায় কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

জনসভার জন্য স্টেজ নির্মাণ ও মাঠ প্রস্তুত সম্পন্ন হয়েছে। মোড়ে মোড়ে টানানো হয়েছে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন। সড়কে সড়কে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে করা হয়েছে তোরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে উপজেলাজুড়ে। পুরো কোটালীপাড়া উপজেলাকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।

এদিকে এ সফরে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ৪৮ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, কোটালীপাড়া পৌরসভা, ইউএনও কোটালীপাড়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জ পৌরসভা ও জেলা পরিষদ এসব প্রকল্পগুলো বাস্তাবায়ন করেছে।

এ সফর সফলভাবে শেষ করতে আওয়ামী লীগের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। গোপালগঞ্জ জেলা এবং টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, বুধবার বিকেলে কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল পরিদর্শ করেন ও প্রস্তুতি দেখেন জনসভার প্রধান সমন্বয়ক শেখ হেলাল উদ্দিন এমপি। তিনি মাঠ পরিদর্শন করেন এবং ঘুরে ঘুরে সার্বিক খোঁজখবর নেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading