তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত ৫০ হাজার ছাড়াল
উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:০০
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৪ হাজার ২১৮ জনে পৌঁছেছে। অন্যদিকে, সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯১৪ জনে। উদ্ধারকাজে বর্তমানে প্রায় আড়াই লাখ কর্মী মাঠে কাজ করছেন।
তুরস্ক কর্তৃপক্ষ বলছে, দেশটির দুর্যোগপূর্ণ এলাকা থেকে প্রায় পাঁচ লাখ ৩০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া এক লাখ ৭৩ হাজার ভবন ধসে গেছে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘ বলছে, সিরিয়ায় প্রায় ৮৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়া থেকে সেভাবে তথ্য পাওয়া যাচ্ছে না। দেশটিতে গৃহযুদ্ধের প্রভাবে অনিশ্চিত পরিস্থিতিতে বসবাস করছে অনেক মানুষ।
ইউডি/এ

