২৫ ফেব্রুয়ারি জাতির কলঙ্কময় দিন : মির্জা ফখরুল

২৫ ফেব্রুয়ারি জাতির কলঙ্কময় দিন : মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:১৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘২৫ ফেব্রুয়ারি জাতির জীবনে একটি দুঃখজনক ও কলঙ্কময় দিন। এ দিনে তৎকালীন বিডিআর বাহিনী বর্তমান সীমান্তরক্ষী বাহিনীর ৫৭ জন সেনা কর্মকর্তাকে একটি বিদ্রোহের মধ্য দিয়ে নৃশংসভাবে তাদের পরিবারসহ হত্যা করা হয়।

তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, দেশের মানুষ, দেশের রাজনৈতিক দল, সেনাবাহিনীসহ অন্যান্য যে বাহিনী রয়েছে; আমরা সবাই একসঙ্গে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হচ্ছে একমাত্র সম্পদ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বনানী সামরিক করবস্থানে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান করুণাময় আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন। সেই সঙ্গে তাদের পরিবার ও বিডিআরে যারা শাহাদত বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা ও মাগফিরাত কামনা করছি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘২০০৯ সালের এই দিনে অত্যন্ত পরিকল্পিতভাবে ভয়াবহ একটা চক্রান্ত, একটা ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীন জাতির বিরুদ্ধে করা হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে সেদিন আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা প্রচন্ডভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল। এ ঘটনার মধ্যে দিয়ে যে যে ক্ষতি হয়েছে; যে প্রচেষ্টা চালানো হয়েছে। এ ঘটনার পেছনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত ছিল। আমরা মনে করি এ ঘটনার প্রকৃত তদন্ত হওয়া দরকার ছিল। এর পেছনে যারা দায়ী তাদের বের করে তদন্ত হওয়া দরকার ছিল।’

মির্জা ফখরুল বলেন, ‘আমি আবারও বলতে চাই, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, দেশের মানুষ, দেশের রাজনৈতিক দল, সেনাবাহিনীসহ অন্যান্য যে বাহিনী রয়েছে। সবাই আমরা একসঙ্গে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হচ্ছে একমাত্র সম্পদ।’

তিনি বলেন, ‘যে গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ৭১ সালে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, ৩০ লাখ শহীদের বিনিময়ে স্বাধীনতা পেয়েছিলাম। আমরা সেই গণতন্ত্র আবার ফিরে পেতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধারের মূলে রয়েছে দেশের সব জনগণকে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা। এর মাধ্যমে আমরা দেশের সব সংকট সমাধান করতে পারব।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading