‘বাংলাদেশের প্রবৃদ্ধি ইন্ডিয়া-পাকিস্তানকেও পেছনে ফেলেছে’
উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২০:১৫
বাংলাদেশের যে প্রবৃদ্ধি হচ্ছে তা ইন্ডিয়া পাকিস্তানকেও পেছনে ফেলেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
তিনি বলেছেন, ‘দেশকে উন্নয়নের চূড়ায় নিয়ে যেতে যে রূপকল্পের কথা বলা হয়েছিল, তা বাস্তবায়নে আমরা সফলভাবে কাজ করে যাচ্ছি। বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে আমরা ইতোমধ্যে সফলতা অর্জন করেছি। আজকে বাংলাদেশের যে প্রবৃদ্ধি হচ্ছে তা ইন্ডিয়া-পাকিস্তানকে পেছনে ফেলেছে।’
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাবির কাজী নজরুল ইসলাম মিলনায়তনে পরিসংখ্যান বিভাগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের ৫০ বছর পূর্তি ও তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘২০৪১ সালে সোনার বাংলা গড়ার জন্য যে রূপকল্প প্রণয়ন করা হয়েছে তা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। জলবায়ু প্রতিরোধের জন্য আমরা ১০০ বছরের একটি পরিকল্পনা নিয়েছি। তথ্য ছাড়া কখনোই পরিকল্পনা করা যায় না, আর এক্ষেত্রে পরিসংখ্যানের ভূমিকা অপরিসীম।
‘পরিসংখ্যানের সবচেয়ে বেশি ব্যবহার হয় পরিকল্পনার ক্ষেত্রে। সাসটেইনেবল ডেভেলপমেন্ট প্রকল্প (এসডিসি) তথ্য বিল্পব ছাড়া সম্ভব নয়। আর তা করতে সবচেয়ে বেশি প্রয়োজন হয় পরিসংখ্যানের। তাই পরিসংখ্যানকে আমাদের গুরুত্ব দিতে হবে’, যোগ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘এই পরিসংখ্যান বিভাগ শুধু গবেষক তৈরি করেছে তা নয় রাজনীতিবিদও তৈরি করেছে। বিজ্ঞানের উদ্দেশ্য হলো জীবনের অন্ধকার দূর করা। বিজ্ঞানকে গ্রহণযোগ্য করতে হলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তা হলো পরিসংখ্যান। পরিসংখ্যানের গুরুত্ব অত্যন্ত অপরিসীম। রোবোটিক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি নিয়ে কাজ করতে পরিসংখ্যান প্রয়োজন। এই পরিসংখ্যান বিভাগের উন্নয়নের জন্য আপনাদের যে চেষ্টা সেটা অব্যহত থাকবে।’
গোলাম সাব্বির আরও বলেন, ‘বাংলাদেশের যা কিছু অর্জন তার সঙ্গে একটি নাম জড়িয়ে আছে তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’
উপাচার্য গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রুসা’র সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান, রুসা’র প্রেসিডেন্ট ড. মোহাম্মদ সোহরান উদ্দীদ, রাবির উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সুলতান-উল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান এবং বিভাগীয় সভাপতি প্রফেসর ড. মো. রেজাউল করিম।
ইউডি/এ

