২৫ বছর পর মিঠামইন যাচ্ছেন প্রধানমন্ত্রী

২৫ বছর পর মিঠামইন যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১০:৩০

দীর্ঘ ২৫ বছর পর কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত মিঠামইন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সেখানে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেবেন তিনি।

সফরের শুরুতে প্রধানমন্ত্রী সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করবেন। পরে কামালপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম নেবেন। এরপর বিকেল ৩টায় স্থানীয় হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।

দীর্ঘ আড়াই দশক পর প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে গোটা কিশোরগঞ্জে উৎসবের আমেজ বিরাজ করছে। মিঠামইনে নিজ গ্রাম কামালপুরে প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে এক দিন আগেই চলে যান রাষ্ট্রপতি আবদুল হামিদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে প্রথমবার মিঠামইন সফর করেন। তখন আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ছিলেন। তখনকার হাওর আর এখনকার হাওরের মধ্যে অনেক পার্থক্য।

দীর্ঘ সময় পর প্রধানমন্ত্রীর হাওরে আগমনকে ঘিরে পুরো কিশোরগঞ্জ সেজেছে নতুন রূপে। শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে কয়েকশ তোরণ। আশপাশের বিভিন্ন এলাকায় রাস্তার দুই পাশে টানানো হয়েছে হাজারো ব্যানার-ফেস্টুন। ইটনা, মিঠামইন, অষ্টগ্রামসহ পুরো জেলায় অন্যরকম আবহ বিরাজ করছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে দফায় দফায় প্রস্তুতি সভা করছে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগ। এছাড়াও নিকলী-বাজিতপুর, করিমগঞ্জ-তাড়াইল আওয়ামী লীগের নেতাকর্মীরাও সমাবেশ সফল করতে প্রস্তুতি নিচ্ছেন। সমাবেশে লাখো মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading