রুমিনের আসনে মনোনয়ন জমা দিলেন ইনুর স্ত্রী

রুমিনের আসনে মনোনয়ন জমা দিলেন ইনুর স্ত্রী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:০০

বিএনপির পদত্যাগ করা সংরক্ষিত নারী সংসদ সদস্য রুমিন ফারহানার আসনের উপ-নির্বাচনে জাসদের সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী ও জাসদের সহসভাপতি আফরোজা হক রীনা মনোনয়ন জমা দিয়েছেন। জোটের এই প্রার্থীকে সমর্থন জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বেলা ১১টা ১৫ মিনিটে রিটার্নিং অফিসার ইসির যুগ্মসচিব মো. আব্দুল বাতেনের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতারের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত আসনের এ উপনির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ২৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ মার্চ। এরপর ২০ মার্চ ভোট হবে। একক প্রার্থী হলে আফরোজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। একাদশ সংসদে জাসদের তিনজন সংসদ সদস্য রয়েছেন। এখন সংরক্ষিত একটি আসনও তাদের হতে যাচ্ছে।

আফরোজা ১৯৫১ সালের ৫ অক্টোবর ঢাকার নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন ইডেন কলেজে পড়ার সময়। ১৯৬৯ সালে ছাত্রী সংসদ নির্বাচনে সমাজসেবা সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৫ সালে সহযোদ্ধা ইনুকে বিয়ে করেন। ১৯৯৮ সালে জাসদের কাউন্সিলে প্রথমবারের মতো কেন্দ্রীয় কমিটিতে আসেন।

দলীয় সিদ্ধান্তে রুমিনের পাশাপাশি বিএনপির ছয় সংসদ সদস্য পদত্যাগ করেছিলেন। সেই আসনগুলোতে উপ-নির্বাচনে আওয়ামী লীগ তিনটি, তাদের ১৪ দলীয় জোট শরিক জাসদ একটি, জাতীয় পার্টি একটি ও স্বতন্ত্র প্রার্থী একটি আসনে জয় পেয়েছেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading