বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী : মঈন খান

বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী : মঈন খান

উত্তরদক্ষিণ । বুধবার, ০১ মার্চ ২০২৩ । আপডেট ১৯:০০

আবারও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তকে গণবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

বুধবার (০১ মার্চ) জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহাতাব ও সদস্য সচিব মো. আবদুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

ড. আবদুল মঈন খান বলেন, একদিকে অর্থনৈতিক কষাঘাতে দরিদ্র মানুষের অবস্থা নাজেহাল অন্যদিকে সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে জনগণের ভোগান্তি বাড়াচ্ছে।

তিনি বলেন, আইএমএফের কঠিন শর্তের আঘাত ধনীদের ওপর নয়, পড়বে দরিদ্রদের ওপর। সরকার জোর গলায় বলেছে আইএমএফ সন্তুষ্ট হয়ে লোন দিয়েছে কিন্তু আদতে আইএমএফর কাছে ভিক্ষা চেয়েছে তারা।

মঈন খান অভিযোগ করে বলেন, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করছে ক্ষমতাসীনরা।

সরকারের সমালোচনাকে রাষ্ট্রবিরোধিতা বলে চালানো হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, সরকার ভয় পেয়ে সুষ্ঠু নির্বাচন দিতে চায় না। বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম করছে।

মঈন খান আরও বলেন, বিএনপির উদ্দেশ্য দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। সরকার ভালো কাজ করে থাকলে কেনো সুষ্ঠু নির্বাচনে ভয় পায়। উপনিবেশিক শাসনের মতো বিভাজনের শাসন নীতিতে দেশ চালাতে চাইছে সরকার।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading