দেশের মোট ভোটার ১১ কোটি ৯১ লাখ

দেশের মোট ভোটার ১১ কোটি ৯১ লাখ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার , ০২ মার্চ ২০২৩ । আপডেট ১২:১৫

দেশে এখন ভোটার ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। তালিকা হালনাগাদের পর ভোটার সংখ্যা বেড়েছে ৫৮ লাখ ৬৪ হাজার ৪৩০ জন। ভোটার দিবসে আজ প্রকাশ করা হয়েছে চূড়ান্ত এই তালিকা।

বৃহস্পতিবার (০২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ভোটার তালিকা প্রকাশের আগে সিইসি, অন্য কমিশনারসহ ইসির কর্মকর্তা-কর্মচারীরা ভোটার দিবস উপলক্ষে একটি র‍্যালির আয়োজন করেন। যা নির্বাচন ভবনের সামনে থেকে শুরু করে পিএসপি মোড়, বিএনপি বাজার মোড় হয়ে নির্বাচন ভবনের সামনে এসে শেষ হয়।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, চলমান সংকটে মুরুব্বিয়ানা করবে না নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে সমাধানের আহ্বান জানান তিনি।

হাবিবুল আউয়াল বলেন, ‘অতীতে কী হয়েছে, তা না দেখে কমিশন সামনে এগুতে চায়।’

বিগত নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল না জানিয়ে তিনি আশা করেন, ‘আগামীতে বাড়বে।’

গত বছরের ২০ মে থেকে ২০ নভেম্বর পর্যন্ত চার ধাপে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ ও নিবন্ধনের কাজ সম্পন্ন করে ইসি। হালনাগাদের খসড়া তালিকা পূর্বঘোষিত সময় (১৫ জানুয়ারি) অনুযায়ী প্রকাশ করা হয়। এটি বিভিন্ন জনবহুল স্থানে প্রকাশ্যে টানিয়ে দেওয়া হয়েছে, যেন কারও তথ্যে কোনো ভুল থাকলে আবেদনের মাধ্যমে তা সংশোধনের সুযোগ পান।

২০২২ সালের ২ মার্চ দেশে ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। চলতি বছরের একই সময়ে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জনে।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, ২০২২ সালের হালনাগাদে অন্তর্ভুক্ত হয়েছেন ৮০ লাখ ৭৩ হাজার ৫৫৯ জন। আর মৃত ভোটার কর্তন করা হয়েছে ২২ লাখ ৯ হাজার ১২৯ জন।

১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন ভোটারের মধ্যে পুরুষ ছয় কোটি চার লাখ ৪৫ হাজার ৭২৪ জন আর নারী ভোটার রয়েছেন পাঁচ কোটি ৮৭ লাখ চার হাজার ৮৭৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৩৭ জন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading