শীর্ষে ফিরে তৃপ্ত জোকোভিচ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার , ০২ মার্চ ২০২৩ । আপডেট ১৩:১৫
গত বছরের শুরুর দিকে সময়টা ভালো যায়নি নোভাক জোকোভিচের। করোনার টিকা না নেওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় নামতে পারেননি দুটো গ্র্যান্ড স্লামে। আর বছরের শেষ দিকে উইম্বলডন জিতলেও যোগ হয়নি কোনো র্যাঙ্কিং পয়েন্ট।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গতবারের উইম্বলডনে কোনো র্যাঙ্কিং পয়েন্ট দেয়নি এটিপি এবং ডব্লুটিএ। এরপরেও বিশ্বের এক নম্বর পুনঃদখলকে বড় কৃতিত্ব বলে মনে করছেন ৩৫ বছর বয়সী এই সার্বিয়ান তারকা। তিনি বলেন, ‘আমার মনে হয় বিশ্বের এক নম্বর হিসেবে এত কম পয়েন্ট আগে পাইনি।’
দুবাইয়ে টমাস মাখাচকে সরাসরি সেটে হারানোর পর জোকোভিচ আরও বলেন, ‘এটা শুধু আমার দুটো গ্র্যান্ড স্ল্যাম না খেলতে পারার জন্যই হয়েছে, তা কিন্তু নয়। অনেক খেলোয়াড়ই চোটের জন্য গ্র্যান্ড স্লাম খেলতে পারেনি। আবার অনেকে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। এই কারণেই এই কৃতিত্বটা আমার টিম এবং নিজের কাছে অনেক বড় ব্যাপার। এর জন্য প্রচুর পরিশ্রম করেছি। টেনিসই আমার কাছে সবকিছু। আমি সবসময় চেষ্টা করে যাই।’
রেকর্ড ২২টি গ্র্যান্ড স্লামজয়ী মনে করেন র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখা তার জন্য কঠিন হবে। বিশেষ করে কার্লোস আলকারাজ এবং স্টেফানোস সিসিপাসের মতো তরুণ খেলোয়াড়দের কাছে শীর্ষস্থান হারাতে পারেন তিনি।
জকোভিচ বলেন, ‘এই খেলোয়াড়রা সর্বোচ্চ পর্যায়ে টানা খেলে যাচ্ছে। প্রচুর প্রতিযোগিতায় নামছে। আমি তো এত বেশি প্রতিযোগিতায় খেলি না। সে রকম কোনো পরিকল্পনাও নেই। এক সময় ওরা বিশ্বের এক নম্বরের জায়গাটা দখল করে নেবে। আবার হয়তো আমি এক নম্বরে উঠে আসব। আগামী দিনে এভাবেই চলতে থাকবে হয়তো ব্যাপারটা।’
ইউডি/এ

