‘ইসি মুরুব্বিয়ানা করতে পারবে না, নিজেরা নিরসন করে ভোটে আসুন’
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার , ০২ মার্চ ২০২৩ । আপডেট ১৪:০০
দেশের রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে মত-পার্থক্য থাকলে তা নিজেদের নিরসন করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সব দলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের মধ্যে যদি মত-পার্থক্য থাকে, সেটা আপনারা নিরসন করার চেষ্টা করুন। নির্বাচন কমিশন মুরুব্বিয়ানা করতে পারবে না।’
বৃহস্পতিবার (০২ মার্চ) নির্বাচন ভবনের সামনে ভোটার দিবসের র্যালি শেষে তিনি এমন মন্তব্য করেন।
এ সময়, ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকার যে তথ্য সামনে আসছে তা মানতে অস্বীকৃতি জানান সিইসি। তবে সাম্প্রতিক উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল বলে তিনি স্বীকার করেন।
কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকার বিষয়ে একজন সাংবাদিক জানতে চাইলে সিইসি বলেন, ‘আমার সহকর্মীরা জানিয়েছেন যে ভোটার উপস্থিতি কম হয়েছে। সার্বিকভাবে মোটেই কম হয়নি। এটা সঠিক তথ্য নয়। কিছু কিছু ভোটে ভোটার উপস্থিতি কেন কম হয়েছে, আমাদের পক্ষ থেকে কমিশনার মো. আলমগীর এবং আহসান হাবিব খান বলেছেন।’

তিনি বলেন, ‘আমরা যেটা অনুমান করেছি, বাস্তবতার নিরিখে, ভোট যখন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, ব্যাপকভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, তখন ভোটার উপস্থিতি বেশি থাকে। জাতীয় সংসদ নির্বাচনে (সম্প্রতি অনুষ্ঠিত উপ-নির্বাচনে) ভোটার উপস্থিতি কিছুটা কম হয়েছে। কারণ সেখানে সময় বাকি আছে মাত্র ১০ মাস (এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন)। আর সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি।
‘আপনারা ইউনিয়ন কাউন্সিলের ভোট দেখেছেন, ইভিএমে হয়েছে তারপরও সেখানে কিন্তু উপস্থিতি সন্তোষজনক ছিল। ইভিএমের ভোটে বলা হয় ধীরগতি, সেখানেও উপস্থিতি যথেষ্ট ভালো ছিল। আমরা আশা করি, আগামীতে ভোট প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। সেখানে উপস্থিতি যথার্থ হবে সেই আশাবাদ আমি ব্যক্ত করছি’, বলেন সিইসি।
জেলা পরিষদে আমাদের উপস্থিতি ছিল ৯৯ শতাংশ, সেখানে ইলেকটোরাল কলেজের মাধ্যমে ভোট হয়েছে।
ইউডি/এ

