এমন আদেশ দিতে চাই না, যা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করবে: আদালত
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার , ০২ মার্চ ২০২৩ । আপডেট ১৯:০০
শিশুদের ভবিষ্যৎ বিবেচনা করে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক এরিকো নাকানোকে তাদের বিষয়টি আদালতের বাইরে নিষ্পত্তি করার উপদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
দুই সন্তানকে নিজ হেফাজতে রাখতে ইমরান শরীফের করা আপিল আবেদনের শুনানিকালে বৃহস্পতিবার (০২ মার্চ) ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়া এ উপদেশ দেন।
এর আগে ১৬ ফেব্রুয়ারি একই বিচারক উভয় পক্ষের আইনজীবীদের উদ্যোগ নিতে বলেন, যাতে দুই শিশুর বাবা-মা আদালতের বাইরে সৌহার্দ্যপূর্ণভাবে বিষয়টি নিষ্পত্তির জন্য একসঙ্গে বসতে পারেন।
বিচারক আরও বলেন, শিশুদের হেফাজতে নিয়ে আদেশ পাস করা একটি সংবেদনশীল বিষয়। একজন জাপানি নাগরিক বিষয়টির সঙ্গে সম্পর্কিত।
‘২০১৬ সালের জুলাইয়ে হোলি আর্টিসান ক্যাফে হামলায় জাপানি প্রকৌশলীদের মৃত্যুতে আমাদের বড় ক্ষতি হয়েছে। এখন আমি এমন কোনো আদেশ দিতে চাই না, যা আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে’, বলেন বিচারক।
২০০৮ সালে বাংলাদেশি-আমেরিকান নাগরিক ইমরান শরীফ (৫৮) ও জাপানি চিকিৎসক নাকানো এরিকো (৪৬) জাপানের বিদ্যমান আইন অনুযায়ী বিয়ের পর টোকিওতে বসবাস শুরু করেন। তাদের ১২ বছরের সংসারে তিন কন্যা সন্তান জন্ম নেয়। তারা তিনজনই টোকিওর চফো সিটিতে অবস্থিত আমেরিকান স্কুল ইন জাপানের শিক্ষার্থী ছিল।
২০২১ সালের ১৮ জানুয়ারি এরিকোর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ইমরান। ওই বছরের ২১ ফেব্রুয়ারি দুই মেয়েকে (বড় ও মেজো) নিয়ে বাংলাদেশে চলে আসেন তিনি। ছোট মেয়ে জাপানে আছে। এরপর মেয়েদের ফিরে পেতে একই বছরের ১৮ জুলাই বাংলাদেশে আসেন মা এরিকো। তাদের ফিরে পেতে ১৯ আগস্ট হাইকোর্টে রিট করেন তিনি। অন্যদিকে ছোট মেয়েকে ফিরে পেতে পৃথক রিট করেন ইমরান।
ইউডি/এ

