আশা জাগাচ্ছে শেয়ারবাজার
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার , ০২ মার্চ ২০২৩ । আপডেট ২০:১৫
ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে খারাপ হতে থাকে বৈশ্বিক অর্থনীতি। এরই আলোকে বাংলাদেশের অর্থনীতির পাশাপাশি খারাপ সময় কাটাচ্ছে শেয়ারবাজারও। তবে দীর্ঘদিন স্তিমিত থাকার পর আবারও বিনিয়োগকারীদের মাঝে আসা জাগাচ্ছে শেয়ারবাজার।
বাজারের পতন ঠেকাতে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন ফ্লোর প্রাইস বেঁধে দেয় কোম্পানিগুলোর শেয়ার দরের উপর। মাঝে আবার ১৬৯টি কোম্পানির ফ্লোর প্রাইজ বাতিল করলেও বাজারে তার ভালো কোনো প্রভাব দেখা যায়নি। ফলে আবারও এই কোম্পানিগুলোর ফ্লোর প্রাইস বেঁধে দিয়েছে বিএসইসি।
শেয়ার বাজারের সবগুলো কোম্পানিকে ফ্লোর প্রাইজ বেঁধে দেওয়ার কারণে লেনদেনে ভাটা পড়তে পারে। সেই লেনদেনের গতি ফেরাতে ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
বেশকিছু ফান্ডের যোগান দেওয়ার জন্য কাজ চালাচ্ছে বিএসইসি। ইতোমধ্যে ২৫০ কোটি টাকা যোগান দিয়েছে সংস্থাটি। আরও ফান্ড বাজারে ক্রিয়েট করার চেষ্টা চালাচ্ছে বিএসইসি। এতে করে বাজারে তারল্য বৃদ্ধি পেলে বাজারে লেনদেনের গতি বৃদ্ধি পাবে। আর বাজারে লেনদেন বৃদ্ধি পেলে বাজার তার নিজস্ব গতি ফিরে পাবে।
বৃহস্পতিবারের শেয়ারবাজার পর্যালোচনা
বৃহস্পতিবার (০২ মার্চ) ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ২৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক শূন্য দশমিক ৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৫৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক দুই পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ২১৬ পয়েন্টে।
আজ লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৯টির।
ডিএসইতে ৪২৭ কোটি ৭২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৪ কোটি ৬৮ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৫২ কোটি ৪০ লাখ টাকার।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৩৬ পয়েন্টে।
সিএসইতে ১৩৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪০টির দর বেড়েছে, কমেছে ৪০টির এবং ৫৮টির দর অপরিবর্তিত রয়েছে।
সিএসইতে ১৬ কোটি ৪৯ লাখ ২৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
ইউডি/এ

