রাজনীতি ও নির্বাচনে অংশ নেওয়া ভিন্ন বিষয়: কৃষিমন্ত্রী
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার , ০২ মার্চ ২০২৩ । আপডেট ২০:০০
রাজনীতি করা ও নির্বাচনে অংশ নেওয়া ভিন্ন বিষয়। সংবিধান অনুযায়ী বেগম খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না। আর তারেক জিয়া তো মুচলেকা দিয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার (০২ মার্চ) সচিবালয়ে নেদারল্যান্ডসের পাঁচজন সংসদ সদস্য ও রাষ্ট্রদূতসহ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, জেল জরিমানা দিয়ে কারও রাজনীতি বন্ধ করা যায় না, পুরো বিশ্বে বিপ্লবী বিদ্রোহীরা জেলে থেকেও রাজনীতি করে।
ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, বিদ্যুৎ এর দাম বৃদ্ধির ফলে কৃষক কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু সরকারের কাছে বিকল্প নাই। কৃষক বিকল্প উপায়ে সেটা পূরণ করবে। হয়তো তারা স্ত্রীর গহনা আবাদের গরু হলেও বিক্রি করে কৃষিতে বিনিয়োগ করবে।।
কৃষিমন্ত্রী বলেন, কৃষকের জীবন মান কিছুটা হলেও কমবে, এটাই বাস্তবতা। এই পৃথিবীর কোথাও কৃষির মতো এতো ভর্তুকি দেয়া হয় না। এর সুফলও পাচ্ছে দেশ। গত ১৪ বছরে কৃষির উৎপাদন বেড়েছে ৭ গুন।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার বয়স ও স্বাস্থ্য বিবেচনায় শর্ত সাপেক্ষে কারাগারের বাইরে ঘরে থাকার অনুমতি দেওয়া হয়েছে। সেই শর্ত অনুযায়ী, তিনি রাজনীতি করতে পারেন না।’
ইউডি/এ

