ইউক্রেনের বাখমুত দখলে রাশিয়ার তীব্র আক্রমণ
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৩ মার্চ ২০২৩ । আপডেট ১৫:১০
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত দখলের জন্য তীব্র আক্রমণ শুরু করেছে রাশিয়া। অন্যদিকে রুশ সেনাদের ঠেকাতে চেষ্টা করে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। সেখানকার পরিস্থিতি খুবই সংকটজনক বলে জানিয়েছে বিভিন্ন স্থানীয় গণমাধ্যম।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে তীব্র রুশ হামলা আটকাতে নতুন পরিখা খনন করেছে ইউক্রেনের সেনারা। ইউক্রেনীয়রা ওই শহরটি ধরে রাখতে চাইছে।
কাতারের এ গণমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, কয়েক মাস ধরে ইউক্রেনের দোনেৎস্ক প্রদেশের বাখমুত শহরে আক্রমণ করছে রাশিয়ান বাহিনী। তারা কখনও বিপুল সংখ্যক সেনা নিয়ে হামলা করছে, আবার কখনও মারাত্মক গোলাবর্ষণ করছে। বর্তমানে এ স্থানটি রক্তক্ষয়ী সংঘাতের কেন্দ্র হয়ে উঠেছে।
ইউক্রেনের এনভি রেডিওকে দেশটির ন্যাশনাল গার্ডের ডেপুটি কমান্ডার ভোলোদিমির নাজারেনকো বলেন, “বাখমুতে চব্বিশ ঘন্টা ধরে যুদ্ধ চলছে…পরিস্থিতি খুবই সংকটজনক।’
এমন সময়ে আমেরিকার ইউক্রেনের জন্য ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। এসব অর্থে দেশটির জন্য গোলাবারুদ কেনা হবে।
এছাড়া আমেরিকার নেতৃত্বাধীন কোয়াড গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীরা জানিয়েছেন, ‘ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়াকে শাস্তি পেতে হবে। তারা দায়মুক্তি পাবে না।’
ইউডি/কেএস

