ইউক্রেন যুদ্ধ : রাশিয়াকে শাস্তির অঙ্গীকার বাইডেন-শলৎসের
উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ মার্চ ২০২৩ । আপডেট ১০:০০
ইউক্রেনে সামরিক অভিযান চালানোয় রাশিয়াকে শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং জার্মানির চ্যান্সেলর ওলফ শলৎস।
আমেরিকা প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, শুক্রবার (০৩ মার্চ) বাইডেনের ওভাল অফিসে শলৎস ব্যক্তিগতভাবে সাক্ষাতের সময় এই অঙ্গীকার করেন দুই নেতা। তারা এক ঘণ্টারও বেশি সময় আলোচনা করেন।
আলোচনায় তারা ইউক্রেনের জনগণের জন্য ‘বিশ্ব সংহতি’ বজায় রাখা এবং দেশটিকে দেওয়া চলমান নিরাপত্তা, মানবিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় শলৎসকে তার ‘জোরাল ও অবিচল নেতৃত্ব’ এবং ইউক্রেনকে সমর্থন দেওয়ায় ধন্যবাদ জানান আমেরিকান প্রেসিডেন্ট। আর শলৎস বলেন, এটা প্রমাণ করা জরুরি, মিত্ররা যতদিন প্রয়োজন কিয়েভকে সমর্থন দিয়ে যাবে।
এদিকে এ সাক্ষাতের আগে আমেরিকার কর্মকর্তারা বলেছিলেন, এই দুই নেতার আলোচনার সূচিতে ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি এবং চীন যদি রাশিয়াকে সামরিক সহায়তা দেয় তাহলে কীভাবে প্রতিক্রিয়া জানানো হবে তা অন্তর্ভুক্ত ছিল।
২০২১ সালের ডিসেম্বরে জার্মানির চ্যান্সেলর হওয়ার পর শলৎসের এটি দ্বিতীয় হোয়াইট হাউস সফর। জার্মান চ্যান্সেলরের এ সংক্ষিপ্ত সফর সূচিতে আর কোনো বৈঠকের উল্লেখ নেই।
ইউডি/এ

