আল নাসরের জয়ে রোনালদোর স্বস্তি
উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ মার্চ ২০২৩ । আপডেট ২১:০০
স্কোর লাইন ৩-১, দেখে বোঝার উপায় নেই ম্যাচ জিততে কতটা কষ্ট করতে হয়েছে আল নাসরকে। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত আল বাতিনের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। হার উপলব্ধি করে হতাশ সমর্থকরা গ্যালারি ছাড়তে শুরু করেন। কিন্তু যোগ করা সময়ে ঘুরে দাঁড়ানোর নতুন কাব্য লেখে আল নাসর। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
ঘরের মাঠে চরম নাটকীয়তার ম্যাচে ১৭ মিনিটে রেনজো লোপেজের গোলে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে আল নাসর। এরপর ম্যাচে পুরো সময় গোল পরিশোধের অনেক চেষ্টা করে তারা। কিন্তু তাদের সব প্রচেষ্টা ব্যর্থ করে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত লিড ধরে রাখে আল বাতিন।
৯০ মিনিটের খেলা শেষে অতিরিক্ত সময় হিসেবে যোগ করা হয় ১২ মিনিট। ৯৩ মিনিটে আল নাসরকে সমতায় ফেরান আবদুল রহমান ঘারিব। তখনো ম্যাচে অনেক নাটকীয়তা বাকি। অতিরিক্ত সময়ের দশম মিনিটে মোহাম্মেদ আল ফাতিলের গোলের লিড পায় রোনালদোর দল। কিন্তু কিন্তু শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে আরও এক গোল করেন মোহাম্মদ মারান। এতে জয়ের আনন্দে মেতে উঠে আল নাসর।
নিজে গোল না পেলেও সতীর্থদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত ক্রিশ্চিয়ানো রোনালদো। তাই তো সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সিআরসেভেন লিখেন, ‘শেষ হওয়ার আগমুহূর্ত পর্যন্ত বিশ্বাস রাখতে হবে, এগিয়ে চলো।’
এমন জয়ে রোমাঞ্চিত পুরো দল। সেটি গোপন রাখার চেষ্টা করেননি আল নাসরের কোচ রুদি গার্সিয়া। তিনিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিখেছেন, ‘কি এক দৃশ্য! বাঁধভাঙা আবেগ! প্রথমার্ধের পরিস্থিতি বদলে দিতে আমরা মানসিকভাবে খুবই শক্তিশালী ছিলাম। এটা একটা দলের জয় এবং জয়ের জন্য তাদের প্রবল আকাঙ্ক্ষার প্রতিফলন।’
এ জয়ে ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখল আল নাসর। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তলানিতে আল বাতিন।
ইউডি/এ

