সুপ্রিম কোর্ট বার নির্বাচন: বিএনপি প্যানেলের নেতৃত্বে খোকন-কাজল
উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ মার্চ ২০২৩ । আপডেট ২০:০০
দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অংশ নিতে প্যানেল ঘোষণা করেছে বিএনপি সমর্থিত আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
শনিবার (০৪ মার্চ) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই প্যানেল ঘোষণা করে। এতে সভাপতি হিসেবে ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়।
এছাড়া সহসভাপতি পদে হুমায়ুন কবির মঞ্জু, সরকার তাহমিদা সন্ধ্যা, কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম, সহ-সম্পাদক পদে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ও আব্দুল করিমকে মনোনয়ন দেওয়া হয়।
এছাড়া সদস্য পদে ফাতিমা আক্তার, ফজলে এলাহী অভি, শফিকুল ইসলাম, রাসেল আহমেদ, আশিকুজ্জামান নজরুল, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, মোস্তাফিজুর রহমান আহাদ মনোনয়ন পান।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল গণমাধ্যমে এ বিষয়ে একটি লিখিত বার্তা পাঠান।
১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের জন্য গত ২৩ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করে একটি নোটিশ জারি করা হয়। নির্বাচনী তফসিল অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
৫ মার্চ বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র বাছাই এবং ৮ মার্চ বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়।
কাযর্করী কমিটির সভাপতি পদে একটি, সহসভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহসম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটিসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরী কমিটির নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ সাতটি পদে বিজয়ী হয়েছিলেন আওয়ামী লীগ সমর্থকরা। বাকি সাতটি পদে জিতেন বিএনপি সমর্থকরা।
ইউডি/এ

