শুধু রাজনীতি কেন, খালেদা জিয়া নির্বাচনও করবেন : সমমনা জোট
উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ মার্চ ২০২৩ । আপডেট ১৬:৩০
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করতে পারা নিয়ে মন্ত্রীদের বক্তব্যের জবাবে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, ‘মিথ্যা মামলায় খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। তিনি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ক্ষমতাসীনরা এখন বলছেন, বেগম জিয়া রাজনীতি করতে পারবেন। আমরা বলব, খালেদা জিয়া শুধু রাজনীতি কেন, নির্বাচনও করবেন এবং তিনি আগামীতে এদেশের প্রধানমন্ত্রীও হবেন।’
শনিবার (০৪ মার্চ) সকালে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর বিজয়নগরে আল রাজি কমপ্লেক্সের সামনে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
পরে পদযাত্রা শুরু করে পুরানা পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায় এবং বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে এ পদযাত্রা ও সমাবেশ হয়।
ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘সরকারের দুঃশাসনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ অবর্ণনীয় দুঃখ-কষ্টের মধ্যে রয়েছে। কিন্তু জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে তাদের কোনো কার্যকরী পদক্ষেপ নেই। তারা ব্যস্ত দুর্নীতি ও লুটপাটে। লুটপাটের মাধ্যমে দেশ থেকে লাখো কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এসব টাকা ফেরত আনতে হবে, দুর্নীতির বিচার করতে হবে।’
জাতীয়তাবাদী সমমনা জোটের এই সমন্বয়ক বলেন, ‘সরকার আবারো ২০১৮ সালের মতো একটি প্রহসনের নির্বাচন করার দিবাস্বপ্ন দেখছে। সরকারকে বলব, ওই ধরনের নির্বাচন করার স্বপ্ন ভুলে যান। দলীয় সরকারের অধীনে এদেশে কোনো নির্বাচন হবে না, জনগণ এ ধরনের কোনো নির্বাচন হতে দেবে না।’
সরকারের উদ্দেশে ড. ফরহাদ বলেন, ‘এখনো সময় আছে। জনগণের দাবি মেনে অবিলম্বে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে আপনাদের পদত্যাগে বাধ্য করা হবে।’
ড. ফরহাদের সভাপতিত্বে এবং জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাতের সঞ্চালনায় পদযাত্রাপূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারি, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ নেতারা।
ইউডি/এ

