সৌদির মাটি স্পর্শ করল ইন্ডিয়ার আট সামরিক বিমান
উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ মার্চ ২০২৩ । আপডেট ১৩:৩০
প্রতিরক্ষা খাতে ইন্ডিয়ার সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। গত মাসে সৌদি আরবের রয়্যাল ল্যান্ড ফোর্সের প্রতিনিধি দল ইন্ডিয়া সফর করেন। এর একমাস পরই প্রথমবারের মতো সৌদি আরবের মাটিতে অবতরণ করল ইন্ডিয়ান বিমানবাহিনীর আটটি বিমান।
গত মাসের সৌদি প্রতিনিধি দলের সফরের সময় ইন্ডিয়ান সেনাবাহিনীর প্রশিক্ষণ প্রক্রিয়া এবং পরিকাঠামো সম্পর্কে সৌদি কর্মকর্তাদের জানিয়েছিল ইন্ডিয়ান সেনাবাহিনী। এই সফরটি গুরুত্বপূর্ণ ছিল- কারণ সৌদি আরব ইন্ডিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক বাড়িয়েছে।
সৌদি আরবের বিমান বাহিনীর ঘাঁটিতে অবতরণকারী ইন্ডিয়ান বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে পাঁচটি মিরাজ-২০০০ যুদ্ধবিমান, দুটি সি-১৭ পরিবহন বিমান এবং একটি আইএল-৭৮ ট্যাংকার। এই বিমানগুলোতে ১৪৫ জন ইন্ডিয়ান বিমানবাহিনীর সদস্য ছিলেন।
ইন্ডিয়ান বিমানগুলো সারারাত সৌদি বিমান ঘাঁটিতে ছিল এবং সকালে সেখান থেকে ফের গন্তব্যে রওনা দেয়। এই সময় সেখানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ার রাষ্ট্রদূত ড. সুহেল আজাজ খান, ডিফেন্স অ্যাটাচে কর্নেল জিএস গ্রেওয়াল।
এটি একটি বন্ধুত্বপূর্ণ স্টপওভার ছিল এবং এই সময় এই যুদ্ধবিমানগুলিতে জ্বালানি ভর্তি করা হয় এবং তাদের রক্ষণাবেক্ষণ পরীক্ষা করা হয়েছিল। এর আগে ইন্ডিয়ান বিমান বাহিনীর কোনও বিমান সৌদি আরবের কোনও বিমান ঘাঁটিতে অবতরণ করেনি।
ইন্ডিয়ান বায়ুসেনার একটি ইউনিট ব্রিটেনে অনুষ্ঠিত হতে যাওয়া কোবরা ওয়ারিয়র্স অনুশীলন অধিবেশনে অংশ নিতে রওনা হয়েছিল। এই সময় পথিমধ্যে সৌদি আরবে তারা যাত্রাবিরতি ও আনুষ্ঠানিক রক্ষণাবেক্ষণ করে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে, ইন্ডিয়া এবং সৌদি আরব সামরিক বিনিময় এবং প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে তাদের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছিল। তৎকালীন রয়্যাল সৌদি ল্যান্ড ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ বিন আবদুল্লাহ মোহাম্মদ আল-মুতাইর এবং ইন্ডিয়ান সেনাপ্রধান জেনারেল এমএম নারাভান এই চুক্তি স্বাক্ষর করেন।
ইউডি/এ

