সরকারের পতন সন্নিকটে : গয়েশ্বর
উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ মার্চ ২০২৩ । আপডেট ১৭:৩০
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন সন্নিকটে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, মানুষ বাঁচতে চায়। আর এ কারণে অচিরেই আপনাকে ক্ষমতা থেকে নামাতে হবে, আপনার পতন নিকটে, আপনি কোথায় যাবেন সেটা খুঁজুন।’
রোববার (০৫ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১-এর উদ্যোগে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর রায় এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি গণভবনে বসে আসন ভাগাভাগি করবেন, তা হতে পারে না। ১৯৯১ সালে আপনি গোপালগঞ্জ ছাড়া বাকি আসনে পরাজিত হয়েছিলেন, আর খালেদা জিয়া পাঁচটি আসনে প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছেন। রাজত্ব যার নেশা তার জন্য গণতন্ত্র নয়। আপনাকে ক্ষমতায় রেখে সাধারণ মানুষ ভোটের অধিকার কোনো দিনই ফিরে পাবে না। শুঁটকি মাছ পাহারার জন্য যেমন বিড়াল রাখা যাবে না, তেমনি ভোট পাহারার জন্য আপনাকে রাখা যাবে না।’
গয়েশ্বর রায় বলেন, ‘লুটপাটকারীদের বিরুদ্ধে এ সরকার কোনো ব্যবস্থা নেয়নি। ইন্ডিয়ার আদানি গ্রুপের সঙ্গে আবারও চুক্তি করেছে অথচ ইন্ডিয়াতেই তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। বিদ্যুৎ উৎপাদন করা হোক না হোক, ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। বিশ্ব বাজারে কয়লার দাম ২০০ ডলার আর আদানির সঙ্গে ৪০০ ডলারে চুক্তি করেছে। আদানি গ্রুপের সঙ্গে চুক্তি সরকারের সঙ্গে সরকারের নয়, একটি প্রতিষ্ঠানের সঙ্গে।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, ‘বিএনপির দাবি মানবেন কী মানবেন না তা আপনার বিষয়, কিন্তু জনগণের দাবি মেনে দিনের ভোট দিনে দিন, মানুষ আর রাতের ভোট চায় না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা ছাড়ুন, না হলে জনগণ আপনাদের ছাড়বে না।’
জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১-এর সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর নেওয়াজ আলী নেওয়াজ, কৃষক দলের খলিলুর রহমান (ভিপি ইব্রাহিম), মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।
ইউডি/এ

