সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনাটি নাশকতা নয়, দুর্ঘটনা: ডিএমপি কমিশনার
উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ মার্চ ২০২৩ । আপডেট ১৮:০০
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকার ভবনে বিস্ফোরণের ঘটনা নাশকতা নয়। এটি একটি দুর্ঘটনা। তবে ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
রোববার (০৫ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফেরার সময় সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
তিনি বলেন, বিস্ফোরণের ঘটনা তদন্তে আমরা একটা তদন্ত কমিটি করব। পরে তারা একটি তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে মনে হচ্ছে, এটি নাশকতা নয়, দুর্ঘটনা থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থল থেকে এখনো বিস্ফোরক, নাশকতামূলক বা স্প্লিন্টার জাতীয় কোনো আলামত পাওয়া যায়নি।
রোববার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সায়েন্সল্যাব মোড় থেকে নিউমার্কেটের দিকে যাওয়ার পথে প্রিয়াঙ্গন শপিং মলের পাশের ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিস্ফোরণের পর তাদের পপুলার হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষার।
এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের আহত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালে আটজনকে ভর্তি করা হয়। আর দগ্ধ হওয়া ছয়জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ইউডি/এ

