দাওয়াত দিয়ে নির্বাচনে আনা আওয়ামী লীগের কাজ না: মায়া
উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ মার্চ ২০২৩ । আপডেট ২১:৩০
‘আমরা স্বাধীনতার সন্তান’ নামের একটি সংগঠনের আয়োজনে এক সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘কাউকে দাওয়াত দিয়ে নির্বাচনে আনা আওয়ামী লীগের কাজ না।’
তিনি বলেন, ‘প্রতিটি দলের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার রয়েছে। যাদের নির্বাচনে অংশগ্রহণের মতো শক্তি সামর্থ্য আছে তারা নির্বাচনে আসবে। আর তাদের নিয়েই আমরা নির্বাচন করব। কাউকে দাওয়াত দিয়ে নির্বাচনে আনতে হবে এই কাজ কিন্তু আওয়ামী লীগের না।’
সোমবার (০৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
‘বিএনপি একটি জিন্দা লাশ, তাদের দাফন দেওয়া ছাড়া উপায় নেই’ মন্তব্য করে মোফাজ্জল হোসেন মায়া বলেন, ‘বিএনপি যদি জোর করে ক্ষমতায় যেতে চায় তাহলে সেটা হবে না। পরিষ্কার করে বলতে চাই আজকের বিএনপি একটা জিন্দা লাশ। গণতন্ত্র বা সংবিধান রক্ষার জন্য আপনারা তত্বাবধায়ক বা নিরপেক্ষ যাই বলেন এগুলো দিয়ে আপনারা (বিএনপি) পার পাবেন না। এটার ওপর ভর করে যদি আপনার নির্বাচন না করে বসে থাকেন তাহলে কোনো কাজ হবে না।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘আমরা স্বাধীনতার সন্তান’ সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ নাজমুল হক।
ইউডি/এ

