সিদ্দিকবাজারে আবারও উদ্ধার তৎপরতা শুরু
উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ মার্চ ২০২৩ । আপডেট ১১:১৫
রাজধানীর সিদ্দিকবাজারে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় বুধবার (০৮ মার্চ) আবার উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। ব্র্যাক ব্যাংকের ভোল্টের টাকা বের করা হবে। তবে ভবন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় বড় ধরনের তৎপরতা শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
মঙ্গলবার (০৭ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে সিদ্দিকবাজারের নর্থ সাউথ রোডের সাততলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত ১৮ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ১৬ জনের মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।
সকাল সোয়া নয়টার দিকে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দিনমনি শর্মা বলেন, ‘আমরা বড় ধরনের তৎপরতা শুরু না করলেও কাজ শুরু করেছি। ভবন ভীষণ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বেসমেন্টে দেখা গেছে পিলারগুলো নড়বড়ে হয়ে গেছে। সেখানে বড় ধরনের তৎপরতা শুরু করলে ক্ষতি হয়ে যেতে পারে।’
গতকাল বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে একে একে চলে যায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। শুরু হয় উদ্ধার তৎপরতা। রাত পৌণে ১১টার দিকে উদ্ধারকাজে বিরতি দেয় ফায়ার সার্ভিস।
ইউডি/এ

