নারীদের সঞ্চয় বিনিয়োগে রুপান্তর হলে পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়বে: ড. রুমানা ইসলাম

নারীদের সঞ্চয় বিনিয়োগে রুপান্তর হলে পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়বে: ড. রুমানা ইসলাম

উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ মার্চ ২০২৩ । আপডেট ১৬:৩০

নারীদের সঞ্চয়কে বিনিয়োগে রুপান্তর করতে পারলে পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. রুমানা ইসলাম। সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

ড. রুমানা ইসলাম বলেন, ‘বিএসইসি সবসময় নারীদের আলাদাভাবে গুরুত্ব দেয়। বিএসইসির ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগ নারীদের জন্য বিনিয়োগ শিক্ষার আয়োজন করে থাকে। একইসঙ্গে দুই স্টক এক্সচেঞ্জও নারীদের জন্য বিভিন্ন কর্মশালার আয়োজন করে।’

সাক্ষাতকার দেওয়ার সময় তিনি বলেন, ‘সম্প্রতি বিএসইসি জেলাভিত্তিক যেসব কর্মশালা করেছে, সেখানেও নারীদের জন্য আলাদা সেশন রাখা হয়েছে। নারীদের উদ্বুদ্ধ করার জন্যই আলাদা সেশন রাখা হয়। এসব সেশনে শুধুমাত্র নারীরাই অংশগ্রহণ করছে।’

বিএসইসি’র এই কমিশনার বলেন, ‘আমরা সবসময় বলি, পুঁজিবাজারে বুঝেশুনে বিনিয়োগ করতে হবে। একই কথা নারীদের জন্যও প্রযোজ্য। আমাদের পুঁজিবাজারে শুধু শেয়ার কেনা ছাড়াও বিনিয়োগের আরও অনেক সুযোগ আছে। যেগুলোতে ঝুঁকি কম (মিউচুয়াল ফান্ড, বন্ড ইত্যাদি) সেগুলোতে আমাদের নারীরা বিনিয়োগ করতে পারে।’

তিনি বলেন, ‘আমাদের নারীরা সঞ্চয় করতে পছন্দ করেন। তাঁদের সঞ্চয় যদি বিনিয়োগে রুপান্তর করা যায় তাহলে তার ইতিবাচক প্রভাব দেশের পুঁজিবাজারে পড়বে।’

২০২২ সালের ৮ মে দেশের পুঁজিবাজারের ইতিহাসে প্রথমবারের মতো নারী কমিশনার হিসেবে নিয়োগ পান ড. রুমানা ইসলাম। প্রায় এক বছর ধরে বিএসইসির আইন বিভাগের দেখভাল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে স্নাতক ও ২০০৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন ড. রুমানা ইসলাম। তিনি ২০০৬ সালে ব্রিটেনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্য আইন বিষয়ে স্নাতকোত্তর ও ২০১৫ সালে দেশটির ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বিনিয়োগ আইনের উপর পিএইচডি করেছেন।

২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন ড. রুমানা ইসলাম।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading