গুলিস্তান বিস্ফোরণ: ভবনের বেজমেন্টে পাওয়া গেল আরও একজনের মরদেহ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ । আপডেট ১৩:০৩
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১-এ।
বৃহস্পতিবার (০৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ভবনটির বেজমেন্ট থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (মিডিয়া) শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের নাম স্বপন বলে জানা গেছে।
গত মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে সিদ্দিকবাজারের নর্থ সাউথ রোডের সাততলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এ পর্যন্ত ২১ জন মারা গেছেন।
বিস্ফোরণের ঘটনা তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করা হয়েছে। সেনাবাহিনী, রাজউক ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে এ কমিটি করা হয়েছে। কমিটি পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
এদিকে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে চার সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। তদন্ত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ইউডি/এ

