রাষ্ট্রদূত আবু জাফরের চুক্তির মেয়াদ বাড়ল দুই বছর
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ । আপডেট ২০:০০
সংযুক্ত আরব আমিরাতে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত মো. আবু জাফরের চুক্তি বাড়িয়েছে সরকার। আরও দুই বছরের জন্য চুক্তি বাড়িয়ে তাকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহা. রফিকুল ইসলাম।
সেখানে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে চুক্তিভিত্তিক নিয়োজিত বিসিএস পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু জাফরকে তাঁর পূর্বের চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে ১ মার্চ ২০২৩ থেকে বা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে একই পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে অবিলম্বে এই আদেশ জারি করা হলো বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।
ভিয়েনায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা রাষ্ট্রদূত আবু জাফর ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে ফরেন ক্যাডারে যোগ দেন। তিনি হেগ, করাচি, লস অ্যাঞ্জেলস, দুবাই মিশনে কাজ করেছেন।
ইউডি/ এ

