‘বিশ্ব শিশু পুরস্কার’ দৌড়ে নৌকাস্কুলের রেজোয়ান
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ । আপডেট ১৯:৩০
এবারের ‘বিশ্ব শিশু পুরস্কার’ এর দৌড়ে এগিয়ে থাকা তিন জনের মধ্যে একজন হলেন নৌকাস্কুলের উদ্ভাবক বাংলাদেশের স্থপতি মোহাম্মদ রেজোয়ান।
এছাড়া কানাডা ও ভিয়েতনামের আরও দুই ব্যক্তি ‘শিশু অধিকার নায়ক’ নির্বাচনের শীর্ষ তিনে আছেন। বৃহস্পতিবার (০৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিশ্বজুড়ে লাখো শিশুর ভোটের মাধ্যমে আগামী ৪ অক্টোবর সুইডেনের মেরিফ্রেডে গ্রিপশোলম প্রাসাদে এই তিনজনের মধ্য থেকে একজনকে সেরা নির্বাচন করা হবে। যার হাতে উঠবে ‘বিশ্ব শিশু পুরস্কার-২০২৩’।
এবারের ২০তম বিশ্ব শিশু পুরস্কার প্রদান অনুষ্ঠানে হোস্ট হিসেবে থাকবে ১২টি দেশের শিশুরা। শিশুদের সহযোগিতা করবেন সুইডেনের রানী সিলভিয়া। বিশ্বজুড়ে সংবাদমাধ্যমগুলোয় সুইডেনভিত্তিক এই পুরস্কারটিকে ‘ছোটদের নোবেল প্রাইজ’ হিসেবে আখ্যা দেওয়া হয়।
মোহাম্মদ রেজোয়ান বাংলাদেশে জলবায়ু বিপর্যয়ের কারণে ক্রমবর্ধমান বন্যা ও দরিদ্র পরিবারের শিশু, বিশেষ করে সুবিধাবঞ্চিত কন্যাশিশুদের স্কুলে পড়ালেখা শেখার অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছেন।
রেজোয়ান ও তার প্রতিষ্ঠান ‘সিধুলাই স্ব-নির্ভর সংস্থা’ শিশুদের জন্য ২৬টি ভাসমান স্কুল প্রতিষ্ঠা করেছেন। এগুলো দেশ-বিদেশে খ্যাতি পেয়েছে ‘রেজোয়ানের নৌকাস্কুল’ নামে।
বিশেষভাবে ডিজাইনকৃত নৌকায় ডিজিটাল শ্রেণিকক্ষের পাশাপাশি রয়েছে ভাসমান লাইব্রেরি ও স্বাস্থ্যসেবা ক্লিনিক এবং কিশোরী-তরুণীদের জন্য রয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। রেজোয়ানের উদ্ভাবিত ভাসমান স্কুলের এই ধারণাটি বাংলাদেশের গন্ডি পেরিয়ে পৃথিবীর আরও কয়েকটি দেশে বাস্তবায়ন হয়েছে।
ইউডি/এ

