প্রমাণ করেছি আমরা পারি: প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ । শনিবার, ১১ মার্চ ২০২৩ । আপডেট ১২:১৫
নিজস্ব অর্থায়নের পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশ তার সক্ষমতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমরা যে পারি, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে সেটা প্রমাণ করেছি।’
শনিবার (১১ মার্চ) বেলা ১১টায় দেশের সবচেয়ে বড় ব্যবসায়িক সম্মেলন ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত তিন দিনব্যাপী এই শীর্ষ সম্মেলনের উদ্বোধন ছাড়াও সামিটের অন্যতম আকর্ষণ ‘বেস্ট অব বাংলাদেশ এক্সপো’রও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
গত বছরের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের এক-তৃতীয়াংশ জেলা রাজধানী ঢাকা এবং বাকি অংশের সঙ্গে সড়কপথে যুক্ত হয়।
বাংলাদেশ বিজনেস সামিটের অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের বিষয়টি তুলে ধরে বলেন, ‘সেতুটি চালুর ফলে দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে শুধু রাজধানী ঢাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়নি, এর ফলে দেশের অর্থনীতিও বেগবান হবে।’
রুপকল্প-২০৪১ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। সকলের সহযোগিতায় বর্তমান সরকার গত ১৪ বছরে বাংলাদেশের ভাগ্য পরিবর্তনে সক্ষম হয়েছে।’
লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করতে বিনিয়োগ পরিবেশ ঢেলে সাজানো হচ্ছে বলে অনুষ্ঠানে মন্তব্য করেন শেখ হাসিনা।
বিশ্বের সামনে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে আজ থেকে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় এই ব্যবসায়িক সম্মেলন।
ব্রিটেন, সৌদি আরব, চীন, ভুটান, সংযুক্ত আরব আমিরাতসহ সাতটি দেশের মন্ত্রী, ১২টি বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ১৭টি দেশের ২০০টিরও বেশি-বিদেশি বিনিয়োগকারী প্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা শীর্ষ এ সম্মেলনে অংশ নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
ইউডি/এ

