খালেদা জিয়ার ক্ষেত্রে বিএনপি নেতারাই অমানবিক আচরণ করছে: কামরুল

খালেদা জিয়ার ক্ষেত্রে বিএনপি নেতারাই অমানবিক আচরণ করছে: কামরুল

উত্তরদক্ষিণ । শনিবার, ১১ মার্চ ২০২৩ । আপডেট ১৫:৩০

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আদালতে না গিয়ে বিএনপি নেতারাই অমানবিক আচরণ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার (১১ মার্চ) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়ার জন্য আদালতের না গিয়ে বিএনপি নেতারাই অমানবিক আচরণ করছে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘বিএনপি খালেদা জিয়াকে অপসারণ করে তারেক জিয়াকে সেই স্থানে বসানোর চেষ্টা করছে। এর দায় একসময় বিএনপিকেই দিতে হবে।’

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি ৫৪ দলকে নিয়ে বিভিন্ন দাবি আদায়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। আগের মতো তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের জন্য এসে যদি ৩/৪ বছর ক্ষমতা দখল করে তবে এর দায় কে নেবে? তাহলে কেন এ দাবি?’

কামরুল ইসলাম আরও বলেন, ‘দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও মানবিক কারণে তাকে বাসায় থাকার অনুমতি দেওয়া হয়েছে। আদালতের প্রতি সরকারের কোনো হস্তক্ষেপ নেই। হস্তক্ষেপ থাকলে বিএনপির সকল নেতাকর্মী জেলে থাকত। সরকার আদালতে প্রভাব বিস্তার করে না।’

তিনি বলেন, ‘দ্রব্যমূল্যসহ বিভিন্ন ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি। এর থেকে উত্তরণ করতে পারে শেখ হাসিনা সরকার।’

উস্কানিমূলক কথা বলে আওয়ামী লীগের নেতাকর্মীদের উত্তেজিত করার চেষ্টা করছে বিএনপি এমন দাবি করে ঢাকা-২ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘অহেতুক সরকারের বিরুদ্ধে বাক সন্ত্রাস করে জনগণকে হয়রানি করা হচ্ছে। আওয়ামী লীগের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আপনাদের খুঁজেও পাওয়া যাবে না। নির্বাচনে আসুন, না হলে অপমান বঞ্চনা ছাড়া কিছু থাকবে না। বিএনপি আসুক বা না আসুক নির্বাচন নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading