একদিনে ইউনিলিভারের শেয়ারদর বেড়েছে ২০ শতাংশ

একদিনে ইউনিলিভারের শেয়ারদর বেড়েছে ২০ শতাংশ

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ মার্চ ২০২৩ । আপডেট ১২:০০

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। এর মধ্যে ২৪০ শতাংশ নগদ ও ৬০ শতাংশ স্টক লভ্যাংশ। লভ্যাংশ ঘোষণার এ খবরে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) একদিনেই কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২০ শতাংশ।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার দিনভর ইউনিলিভার কনজিউমার কেয়ারের শেয়ারদর তিন হাজার ১২০ টাকা ৫০ পয়সা থেকে তিন হাজার ৬০০ টাকার মধ্যে ওঠানামা করেছে। এদিন ডিএসইতে কোম্পানিটির ৩১ হাজার ৮৭৯টি শেয়ার দুই হাজার ৪৫২ বার হাতবদল হয়েছে। দিনশেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে তিন হাজার ৪২৩ টাকা ৭০ পয়সায়।

২০২২ হিসাব বছরে ইউনিলিভার কনজিউমার কেয়ারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ টাকা ৬৪ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৩ টাকা ৮০ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১৬ টাকা ৮৪ পয়সা বা ৩৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৯ টাকা ৬০ পয়সায়।

এর আগের হিসাব বছর শেষে যা ছিল ১২২ টাকা ৮৮ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ১৬ মে বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ এপ্রিল।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ইউনিলিভার কনজিউমার কেয়ার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৩ টাকা ৮০ পয়সা। যেখানে এর আগের বছরে আয় ছিল ৪৩ টাকা ৯৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১২২ টাকা ৯ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১২৩ টাকা ১ পয়সায়।

১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ লিমিটেডকে ইউনিলিভার কর্তৃক অধিগ্রহণের পর ২০২০ সালের ২৬ নভেম্বর থেকে কোম্পানিটির নতুন নাম হয় ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। ২০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে বর্তমানে ইউনিলিভার কনজিউমার কেয়ারের পরিশোধিত মূলধন ১২ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৩৫ কোটি ৯৮ লাখ টাকা।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ২০ লাখ ৪৬ হাজার ৪৪৯। এর মধ্যে ৮৬ দশমিক ৯৬ শতাংশই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ৮৩ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ২৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩ দশমিক ৯২ শতাংশ শেয়ার রয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading