রাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি
উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ মার্চ ২০২৩ । আপডেট ১৩:০০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১২ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
কমিটির অপর দুই সদস্য হলেন- সাবেক প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক তারিকুল হাসান এবং সহকারী প্রক্টর আরিফুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, সোমবার (১৩ মার্চ) অফিস সময়ে কমিটিকে নির্দেশনা দিয়ে চিঠি ইস্যু করা হবে।
এদিকে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে হওয়া সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে রোববার সারাদিন উত্তপ্ত ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। সকাল দশটায় প্রশাসন ভবনে তালা দিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। বারোটার দিকে উপাচার্যকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। দুইটার দিকে উপাচার্য ছাত্রলীগের সহায়তায় অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন। এরপর বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন শিক্ষার্থীরা।
রাত আটটার দিকে চারুকলা অনুষদ সংলগ্ন রেললাইনে আগুন জ্বালিয়ে রেললাইন অবরোধ করেন তারা। রাত এগারোটার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা চলে যান। অন্যদিকে উপাচার্যের বাসভবনের সামনে আটজন শিক্ষার্থী আমরণ অনশনে বসেছেন।
তাদের দাবিগুলো হলো- এ ঘটনার জন্য প্রক্টরকে পদত্যাগ করতে হবে, প্রশাসনকে জবাবদিহি করতে হবে, হামলাকারীদের শনাক্ত করতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে, শতভাগ আবাসিকতা নিশ্চিত করা, হলগুলো রাজনৈতিক ‘সন্ত্রাস’ বন্ধ ও সিন্ডিকেটের মাধ্যমে হলের আবাসিকতা প্রদান বন্ধ করা, ক্যাম্পাসের গেটগুলোতে চেকপোস্ট বসানো, পাস ব্যতীত বহিরাগতদের প্রবেশ করতে না দেওয়া, বিশ্ববিদ্যালয়ের ডাইনিং, দোকান, ক্যান্টিনের খাবারের দাম ও রিকশা ভাড়া নির্ধারণ করে দেওয়া, খাবারের মান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের ভোগান্তি বন্ধ করতে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন পুনরায় চালু করা।
ইউডি/এ

