বন্দী বিনিময়ে রাজি আমেরিকা, দাবি ইরানের
উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ মার্চ ২০২৩ । আপডেট ১৩:৪৫
আমেরিকার সঙ্গে বন্দী বিনিময়ের কাছাকাছি পৌঁছে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। রোববার (১২ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দোল্লাহিয়ান। খবর আল জাজিরার।
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই ইস্যুতে প্রাথমিকভাবে একমত হয়েছে দুই দেশ। তবে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর দাবিকে মিথ্যা বলে খারিজ করে দিয়েছেন আমেরিকার একজন কর্মকর্তা।
আমির-আব্দোল্লাহিয়ান বলেন, কয়েকদিন আগে আমরা একটি সমঝোতায় পৌঁছাই। আমেরিকার সঙ্গে যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আমি মনে করি স্বল্প মেয়াদে আমরা বন্দী বিনিময় দেখব।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গত বছরের মার্চে আমেরিকার পক্ষের সঙ্গে পরোক্ষ আলোচনায় আমেরিকার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে এখন সেটি বাস্তবায়নের সুযোগ এসেছে। আমাদের দৃষ্টিকোণ থেকে সবকিছু প্রস্তুত আছে। আমেরিকার পক্ষ তার চূড়ান্ত টেকনিক্যাল সমন্বয়ে কাজ করছে।
এদিকে রোববারই হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র ইরানি পররাষ্ট্রমন্ত্রী দাবি প্রত্যাখ্যান করছেন। তিনি বলেন, ইরানে আটক থাকা কোনো আমেরিকান নাগরিকের মুক্তির বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো চুক্তি হয়নি।
ইউডি/এ

