ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষেধ
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ । আপডেট ১৩:৪৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাইকিং করে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ইবি প্রশাসন।
মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে মাইকিংয়ে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে সোমবার (১৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়া বাজারে বহিরাগতদের মারধরের শিকার হয় ইবির দুই শিক্ষার্থী। এ সময় আহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়। এ ঘটনায় সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। তিন দফা দাবিতে চার ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ফরহাদ হোসেনের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা। এরপর শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের বাসভবনে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন ভিসি। পরে রাত সাড়ে ১১টায় রুমে ফিরে যান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এ বিষয়ে প্রক্টর ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় গেটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া বাজার কমিটি ও বিশিষ্টজনদের সঙ্গে বসে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। মাইকিং করে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধের বিষয়টি একটি প্রাথমিক প্রক্রিয়া।’
ইউডি/এ

