প্লাস্টিকের বর্জ্য দিলে মিলবে খাদ্য সহায়তা

প্লাস্টিকের বর্জ্য দিলে মিলবে খাদ্য সহায়তা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ । আপডেট ১৯:৩০

দেশব্যাপী প্লাস্টিকের ব্যবহার দিনদিন বৃদ্ধি পাচ্ছে; যার মারাত্মক প্রভাব পড়ছে সোনালি ফসল, মাটি ও জীব-বৈচিত্রের ওপর। এসব অপসারণের জন্য অভিনব এক উদ্যোগ গ্রহণ করেছেন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

ওই ইউনিয়নে সুফলভোগীদের খাদ্য সহায়তা নিতে হলে আগে প্লাস্টিকের বর্জ্য জমা দিতে হবে। অভিনব এ উদ্যোগকে সবাই ইতিবাচক হিসেবে দেখছেন। ফলে নিজেদের বসতবাড়ি ও বাড়ির আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখার স্বার্থে প্লাস্টিক বর্জ্য ইউনিয়ন পরিষদে জমা দিয়ে খাদ্য সহায়তা গ্রহণ করছেন সুফলভোগীরা।

ভিডব্লিউভি কার্ডধারী নারীরা বলেন, বাজার থেকে যেসব পণ্য কেনা হয় তার অধিকাংশই প্লাস্টিক বোতলের। এসব পণ্য ব্যবহারের পর বসতবাড়ির আশেপাশেই এগুলো ছড়িয়ে-ছিটিয়ে থাকতো। এখন সেগুলো দিয়ে প্রতিবন্ধীদের উন্নয়নে কাজে লাগানো হবে এ ঘোষণা দেন ইউপি চেয়ারম্যান। পরে আমরা সেগুলো সংগ্রহ করে পরিষদে জমা দিয়ে খাদ্য সহায়তা নিচ্ছি।

চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, সরকারিভাবে ফিলিপাইনে শিক্ষা সফরে গিয়ে দেখেছি সেখানকার ইউপি থেকে উপকারভোগীরা প্লাস্টিক বর্জ্য দিয়ে খাদ্য সহায়তা বা অন্যান্য সহায়তা নেন। পরে সফর থেকে ফিরে আমার ইউপিতে এ কার্যক্রম শুরু করেছি।

তিনি আরো বলেন, বোতলগুলো শারীরিক প্রতিবন্ধীদের সহায়তার জন্য নির্মিত সমাজসেবা অধিদফতরের কারখানায় জমা দেওয়া হয়। তারা সেগুলো রিসাইক্লিন করে নতুন বোতলে রূপান্তর করেন। ফলে একদিকে যেমন পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাচ্ছি, তেমনি প্রতিবন্ধী ব্যক্তিদেরও সহায়তা করা হচ্ছে।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আশীষ কুমার বলেন, এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। এর থেকে যেমন পরিবেশ রক্ষা পাবে, তেমনি গ্রামীণ এলাকাগুলো পরিস্কার-পরিচ্ছন্ন থাকবে। মাহিলাড়া ইউপির উদ্যোগটি সফল হলে, অন্যান্য ইউপিগুলোতে এটি চালু করার জন্য উদ্বুদ্ধ করা হবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading